স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, বরগুনায় সাংবাদিক গ্রেপ্তার

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ০৪:০৪ এএম

নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে সময় টেলিভিশনের বরগুনার নিজস্ব প্রতিবেদক মো. আবদুল আজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে পটুয়াখালীর পর্যটন এলাকা কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়। এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করে পুলিশ। মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান দেশ রূপান্তরকে এসব তথ্য জানান।

গ্রেপ্তার সাংবাদিক আজিমকে গতকাল বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অপহৃত স্কুলছাত্রী বরগুনা পৌর শহরের এক হিন্দু বস্ত্র ব্যবসায়ীর মেয়ে। পুলিশ জানায়, বরগুনা পৌর শহরের হিন্দু ধর্মাবলম্বী বস্ত্র ব্যবসায়ীর নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগে গত শুক্রবার রাতে বরগুনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ছাত্রীর বাবা। মামলায় সময় টেলিভিশনের বরগুনার নিজস্ব প্রতিবেদক আবদুল আজিমকে ১ নম্বর আসামি, গ্রাফিক্স ডিজাইনার শুভ সেনকে ২ নম্বর আসামি এবং একাত্তর টেলিভিশনের বরগুনা প্রতিনিধি ইমরান হোসেনকে তিন নম্বর আসামি করা হয়। মামলা দায়েরের পরপরই বরগুনা সদর থানা পুলিশ ও পটুয়াখালীর মহিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সাংবাদিক আজিমকে গ্রেপ্তার ও অপহৃত ছাত্রীকে উদ্ধার করে।

মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘বরগুনা সদর থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী সাংবাদিক আজিমকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর আসামি আজিম ও উদ্ধার করা ছাত্রীকে বরগুনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

বরগুনা সদর থানার ওসি কে এম তারিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা দায়েরের পর আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান চালিয়ে পটুয়াখালীর কুয়াকাটার আবাসিক হোটেল গোল্ডেন ইন থেকে সাংবাদিক আজিমকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও বলেন, ‘আসামি আজিমকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন। সাংবাদিক আজিম ছাড়াও এই মামলায় আরও দুজন আসামি রয়েছে, তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত