‘করোনাকে হারানোর’ প্রতিজ্ঞায় ট্রাম্পের ভিডিও বার্তা

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ০৮:৩৯ এএম

নভেল করোনাভাইরাসকে হারানোর প্রতিজ্ঞা করে টুইটারে ভিডিও পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নতুন এই ভিডিওটি ঠিক কখন ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি মার্কিন গণমাধ্যম।

ভিডিওতে ট্রাম্প সামরিক হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তাদের প্রশংসা করে বলেন, ‘এখানে এসে খুব একটা ভালো ছিলাম না। এখন অনেকটা ভালো লাগছে। সবাই অনেক কাজ করছেন। ’

‘আমেরিকাকে আবার গড়ে তুলতে আমাকে ফিরতে হবে। আমরা এই করোনাভাইরাসকে পরাজিত করতে যাচ্ছি।’

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকালে) ট্রাম্প টুইট করে জানান, তিনি ও তার স্ত্রীর করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে।

আক্রান্তের পর পর হোয়াইট হাউজে ট্রাম্প পরীক্ষামূলক একটি ইনজেকশন নেন বলে বিবিসি’র খবরে বলা হয়েছে।

ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের চেয়ে প্রেসিডেন্টের অবস্থা বেশি গুরুতর বলে তাকে হাসপাতালে নেয়া হয়।

ট্রাম্পের শ্বাসকষ্টের খবর আসার পর হোয়াইট হাউজের চিকিৎসক শান পি কনলি জানান, প্রেসিডেন্টকে রেমডিসিভিরের ডোজ দেয়া হয়েছে।

চিকিৎসক বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প ভালো আছেন। অক্সিজেন লাগছে না।’

সিএনএন লিখেছে, ‘ট্রাম্পের অবস্থা গুরুতর হওয়ার শঙ্কায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

একজন উপদেষ্টা এই গণমাধ্যমটিকে বলেন, ‘অবস্থা মারাত্মক।’

‘তিনি খুব ক্লান্ত। পাশাপাশি কিছুটা শ্বাসকষ্ট আছে।’

হাসপাতালে যাওয়ার আগে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘ওয়াল্টার রিড হাসপাতালে যাচ্ছি। আমি ভালো আছি। কিন্তু সবকিছু যেন ঠিক থাকে সেটি আমরা নিশ্চিত করতে চাচ্ছি।’

স্ত্রীর কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘ফার্স্টলেডি ভালো আছেন। আপনাদের অনেক ধন্যবাদ। আমি এর প্রশংসা করি। কখনো ভুলব না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত