হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। ঘটনাস্থলে একজন, অপর দুজন শ্রীমঙ্গল সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান বলে পুলিশ জানায়।
এ ছাড়া গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ ও শ্রীমঙ্গল সদর হাসপাতালে নেয়া হয়েছে।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, রোববার দুপুর ১২টার দিকে উপজেলার ৫ নম্বর রশিদপুর গ্যাস ফিল্ড এলাকায় দ্রুতগামী বাসের সঙ্গে একটি জিপগাড়ির মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত তিনজনই জিপগাড়ির যাত্রী।
দুর্ঘটনায় নিহত দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগানের শ্রমিক সঞ্জিত কর্মকার (৩০) এবং বাহুবলের ফয়েজাবাদ চা বাগানের শ্রমিক মহেশ রাজগড় (৩৫)। বাকি একজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
সড়ক দুর্ঘটনায় দুই চা শ্রমিকের মৃত্যুর খবরে হবিগঞ্জ বাস মালিক সমিতির ওপর ক্ষোভ প্রকাশ করেন শ্রীমঙ্গলের সাতগাঁও চা বাগানের শ্রমিকরা। তারা দুপুর আড়াইটা পর্যন্ত সাতগাঁওয়ের লছনা বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও পরিবহন শ্রমিক নেতাদের প্রতিশ্রুতিতে অবরোধ তুলে নেয়া হয়।
তবে দুর্ঘটনার সঠিক বিচার পাওয়া না গেলে তারা আবার অবরোধে নামবেন বলে জানান। শ্রমিকরা হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, দুর্ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা লছনা এলাকা অবরোধ করেছিল। পরে আমাদের অনুরোধে হবিগঞ্জ বাস মালিক সমিতির সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের নিয়ে বসে বিষয়টি মীমাংসা করা হবে জানালে অবরোধ স্থগিত করা হয়।
