আগামী বছরের জুলাইয়ের মধ্যেই ৫০ কোটি ডোজ টিকা পাওয়ার আশা প্রকাশ করেছে ভারত। দেশের ২৫ কোটি মানুষের জন্য টিকা সহজলভ্য করতে চায় কেন্দ্রীয় সরকার। গতকাল রবিবার এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এমন তথ্য জানান বলে জানিয়েছে এনডিটিভি।
বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলের মধ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ৮২৯। ফলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ৫০ হাজারের বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ১ হাজার ৭৮২ জন।
এক টুইট বার্তায় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, ২০২১ সালের জুলাইয়ের মধ্যেই ৪০ কোটি থেকে ৫০ কোটি ডোজ ভ্যাকসিন হাতে পাওয়া এবং ব্যবহারের লক্ষ্য রয়েছে আমাদের।
ভ্যাকসিন পাওয়া এবং তা সুষম বণ্টনের জন্য বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে কাজ করছে ভারতের সিরাম ইনস্টিটিউট এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। হর্ষ বর্ধন বলেন, সরকার দিন-রাত কাজ করছে যেন ভ্যাকসিন চলে এলে সুষ্ঠু ও সমানভাবে সবার মধ্যে তা বণ্টন করা যায়। অক্টোবরের মধ্যেই তালিকা তৈরি হয়ে যাবে কারা আগে ভ্যাকসিন পাবে।
