মাহমুদউল্লাহ-ইমরুলের ফিফটির সঙ্গে উজ্জ্বল তাসকিন

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ০৭:৫৬ পিএম

নিজেদের মধ্যে খেলা অনুশীলন ম্যাচে আবারো আলো ছড়িয়েছেন পেসার তাসকিন আহমেদ। ব্যাট হাতে রান পেয়েছেন টেস্ট দলের বাইরে থাকা দুই ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস। দুজনই পেয়েছেন ফিফটি।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় দুই দিনের অনুশীলন ম্যাচে মাঠ নামে স্কিল ক্যাম্পের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। রায়ান কুক একাদশের বিপক্ষে প্রথম দিন ৮ উইকেটে ২৪৮ রান তুলে ওটিস গিবসন একাদশ। বৃষ্টিবিঘ্নিত দিনে খেলা হয়েছে ৭২ ওভার।

ওটিস গিবসন একাদশের হয়ে সাইফ হাসানকে নিয়ে ওপেন করতে নেমেছিলেন ইমরুল। সাইফ (৭) অবশ্য দ্রুতই ফিরে যান। তিনে নামা নাজমুল হাসান শান্তও (২) থিতু হতে পারেননি। দুজনকেই তুলে নেন তাসকিন।

চারে নেমে মাহমুদউল্লাহ ভালো জুটি গড়েন ইমরুলের সঙ্গে। তৃতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়েন দুজন। ইমরুলকে ফিরিয়ে এই জুটিও ভাঙেন তাসকিন।

ইমরুলের ব্যাট থেকে এসেছে দিনের সর্বোচ্চ ৫৯ রান। মাহমুদউল্লাহ করেছেন ৫৬। লিটন দাস ৪৪, মোসাদ্দেক হোসেন অপরাজিত ২৯, সৌম্য সরকার ২৬ রান করেন।

তাসকিন ছাড়া রায়ান কুক একাদশের হয়ে মোহাম্মদ মিঠুন বোলিংয়ে নজর কেড়েছেন। এমনিতে উইকেটরক্ষক ব্যাটার হলেও এদিন বল হাতে নিয়েছেন জোড়া উইকেট। ১টি করে উইকেট নেন সাইফউদ্দিন, আল আমিন ও তাইজুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর:

ওটিস গিবসন একাদশ: ৭২ ওভারে ২৪৮/৮

(সাইফ ৭, ইমরুল ৫৯, শান্ত ২, মাহমুদউল্লাহ ৫৬, লিটন ৪৪, সৌম্য ২৬, মোসাদ্দেক ২৯*, নাঈম ৮, ইবাদত ০, রুবেল ০*; তাসকিন ৩/৪২, সাইফউদ্দন ১/৪২, খালেদ ০/৩১, আল আমিন ১/৩৬, তাইজুল ১/৭৬, মিঠুন ২/১০)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত