ভিডিও সার্ভেল্যান্স প্ল্যান্ট করবে সামিট টেকনোপলিস

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ১২:২০ এএম

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটির ব্লক-২-এ  ভিডিও সার্ভেল্যান্স উৎপাদন এবং সংযোজন কারখানা স্থাপনে সামিট টেকনোপলিসে ৫০ লাখ ডলার বিনিয়োগ করবে সিডনিসান ও তাদের টেকনোলজি অংশীদার চীনের ডাহুয়া।

সামিট টেকনোপলিসের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা খান এবং সিডনিসান ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক সাগর কুমার টিটো গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে অবস্থিত সামিট টেকনোপলিসে এক একর জায়গায় দেশের প্রথম ভিডিও সার্ভেল্যান্স ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনের জন্য ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেন। শিগগিরি প্রি-ফেব্রিকেটেডে কারখানাটি নির্মাণকাজ শুরু হবে। আশা করা হচ্ছে প্ল্যান্টটি আগামী বছরের জানুয়ারি থেকে সেমি নক্ডডাউন (এসকেডি) ভিডিও সার্ভেল্যান্স সরঞ্জাম সংযোজন শুরু করবে। প্রাথমিকভাবে এই কারখানায় প্রায় ৯০ বাংলাদেশি প্রকৌশলী এবং ১০ বিদেশি বিশেষজ্ঞ কাজে নিয়োজিত থাকবেন। এখানকার উৎপাদিত পণ্য দেশে সরবরাহের পাশাপাশি রপ্তানি করা হবে।  বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মো. শাহিদ-উল-মুনীরের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষর হয়। এ ছাড়া অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান লতিফ খান, পরিচালক ফাদিয়া খান, সালমান খান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত