শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে উৎপাদন সাময়িক বন্ধ রয়েছে। এসব পাটকলে শিগগির উৎপাদন শুরু হবে। কারও উসকানিতে বিভ্রান্ত না হওয়ার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল সোমবার সাময়িক বন্ধ থাকা খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
শ্রম অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইউসুফ আলী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো. আরিফুল ইসলাম, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু, খুলনা অঞ্চলের ৯টি পাটকলের সিবিএ নেতারা মতবিনিময় সভায় অংশ নেন।
মন্নুজান সুফিয়ান আরও বলেন, চাষিদের কথা বিবেচনায় নিয়ে এবং ব্যবসা ক্ষেত্রে ভারসাম্য রক্ষায় রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো অবশ্যই চালু রাখবে সরকার। জিটুজি, পিপিপি অথবা লিজিং ব্যবস্থাপনায় অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করে পাটকলগুলো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে। মিলগুলো চালু হলে দক্ষ শ্রমিকরা অগ্রাধিকার ভিত্তিতে সেখানে চাকরি পাবেন বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী বলেন, করিম জুট মিলের শ্রমিকদের পাওনা অর্ধেক চেকের মাধ্যমে এবং অর্ধেক সঞ্চয়পত্রের মাধ্যমে দেওয়া হয়েছে। অল্পদিনের মধ্যেই খুলনার প্লাটিনাম জুট মিলের শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে।
তালুকদার আবদুল খালেক বলেন, সরকার আপনাদের পাশে আছে, ধৈর্য ধরুন। শ্রমিকদের কল্যাণে নেওয়া সরকারের এ উদ্যোগে কোনো শ্রমিকই ক্ষতিগ্রস্ত হবেন না, বরং লাভবান হবেন। এ মাসের মধ্যেই একাধিক পাটকল শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে।
