উখিয়ায় দুই পক্ষের সংঘর্ষে রোহিঙ্গা যুবক নিহত

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ০২:১৬ এএম

কক্সবাজারের উখিয়ায় নিজ বাড়ি থেকে মো. ইয়াছিন (২৭) নামে এক রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪/২ ওয়েস্ট ব্লক থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের বিরোধের জেরে খুন হয়েছেন ইয়াছিন। তিনি ওই ক্যাম্পের মোহাম্মদ নাসিমের ছেলে।

উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাহউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইয়াসিনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে ইয়াছিনকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হবে।

কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ জানান, গত রবিবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত আরসা ও মুন্না গ্রুপের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর, গুলিবর্ষণের ঘটনায় ইয়াছিন নিহত হয়েছে। সংঘর্ষে দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পের শতাধিক ঝুপড়ি ঘর ও অর্ধশতাধিক দোকান ভাঙচুর করে ৪-৫শ রোহিঙ্গা যুবক। এ ঘটনায় প্রাণ বাঁচাতে দুই হাজারেরও বেশি রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু ক্যাম্প ত্যাগ করে। বর্তমানে ক্যাম্পের সব দোকানপাট বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত