নির্যাতনকারীরা বন্য পশুর চেয়েও নিকৃষ্ট : ফখরুল

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ০২:১৯ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারী ও শিশুদের ওপর অত্যাচার ও নির্যাতনকারীরা মানুষ নামের কলঙ্ক, এরা বন্য পশুর চেয়েও নিকৃষ্ট। নারী ও শিশু নির্যাতনের মতো পাশবিকতায় দোষীরা যথোপযুক্ত শাস্তি পাচ্ছে না বলেই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে তারা আরও বেশি উৎসাহিত হচ্ছে। গতকাল সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সন্ত্রাসীদের এ ধরনের  পৈশাচিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমান মিড নাইট সরকারের আমলে চারদিকে শুধু নারী ও শিশু নির্যাতনের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। দেশে আইনকানুনের বালাই নেই বলেই গুম-খুন-অপহরণ ও বিচারবহির্ভূত হত্যা চলছে। পাশাপাশি সরকারদলীয় সন্ত্রাসীদের দ্বারা নারী ও শিশু নির্যাতনের যেন মহোৎসব শুরু হয়েছে। নারী ও শিশু নির্যাতন যে এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে, তা প্রতিদিন পত্রিকার পাতা খুললেই বোঝা যায়।’

মির্জা ফখরুল বলেন, ‘নারী ও শিশুদের ওপর অত্যাচার ও নির্যাতনকারীরা মানুষ নামের কলঙ্ক, এরা বন্য পশুর চেয়েও নিকৃষ্ট। সরকারের নিজেদের দুঃশাসনের ফলে অপকীর্তি ও অপকর্মের মাত্রা বৃদ্ধিতে এ ধরনের মনুষ্যত্বহীন ঘটনা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া নারী ও শিশু নির্যাতনের মতো পাশবিকতায় দোষীরা যথোপযুক্ত শাস্তি পাচ্ছে না বলেই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে তারা আরও বেশি উৎসাহিত হচ্ছে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘বিভীষিকাময় ও দুুর্বিনীত দুঃশাসনের এক ভয়াল রূপ গোটা দেশকেই গ্রাস করে ফেলেছে। এখন দুষ্কৃতকারীরা আইন নিজেদের হাতে তুলে নিয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে সংঘটিত নারীর ওপর মানুষ নামের পশুদের দ্বারা বর্বরোচিত হামলার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে দেখে সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। দেশবাসী আশা করে এই অমানুষদের নজিরবিহীন শাস্তি হোক।’

বিবৃতিতে নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে পৈশাচিক কায়দায় নির্যাতনের ঘটনায়  জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি মহাসচিব। একই সঙ্গে এ ঘটনায় ভুক্তভোগী নারী ও তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত