মোস্তফা সরয়ার ফারুকীর সিরিয়াল ‘৪২০’ প্রথম প্রচার হয় ২০০৭ সালে। তেরো বছর আবারও চ্যানেল আই জনপ্রিয় নাটকটি হাজির করেছে দর্শকদের সামনে।
সেই ঘটনাকে সামনে রেখে নামি নির্মাতা বললেন, হয়তো কোনো একদিন ‘ফোর টুয়েন্টি’র সিক্যুয়েল হবে।
ফেইসবুকে ফারুকী মঙ্গলবার লেখেন, “তেরো বছর হয়ে গেলো! তেরো বছর পর চ্যানেল আইতে আবার প্রচারিত হতে যাচ্ছে ফোর টুয়েন্টি! আমার মনে আছে, যখন আমরা এটা করতে যাই তখনও সিরিজ মানেই ফ্যামিলি সিরিজ বা ঐতিহাসিক কোনো উপন্যাস! সমসাময়িক রাজনীতি বা গ্যাংস্টার রাজনীতি নিয়ে সিরিজ করার কথা ভাবা এক ধরনের অসম্ভব ব্যাপারই ছিলো! কিন্তু আমার যেহেতু একটা সুবিধা ছিলো, ‘আরে ফারুকী পাগল মানুষ, কি করে না করে, দাও করতে দাও’!”
আরও লেখেন, “পাগল হওয়ার সুবিধা নিয়া আমরা বানাইয়া ফেললাম "ফোর টুয়েন্টি"! নাখালপাড়ায় বড় হওয়ার ফলে ঢাকার গ্যাংস্টার কালচার আর রাজনীতির অন্দরমহল ছোটবেলা থেকেই দেখতে দেখতে বড় হইছি! সেইসব অভিজ্ঞতার মালা গাঁথার ফল হইলো এই সিরিজ!”
“এতো দিন পর পিছনে তাকাইয়া সিরিজটা নিয়া কি ভাবনা আসে আমার? একটা ভাবনাই শুধু আসে মাথায়- গল্পের ভেতরের উপাদান নিয়া আমি এখনো আনন্দিত! কিন্তু আজকে বানানোর সুযোগ পাইলে হয়তো বাজেট বেশি পাইতাম! এবং তার ফলে প্রোডাকশন কোয়ালিটি বেটার করার একটা স্কোপ পাইতাম! হয়তো কোনো একদিন ফোর টুয়েন্টি‘র সিক্যুয়েল হবে, তখন হয়তো সুযোগ হবে প্রোডাকশন কোয়ালিটি বেটার করার! নিশ্চয়ই!”
সঙ্গে জানান, চ্যানেল আইতে প্রতি সোম, বুধ, আর বৃহস্পতিবার রাত আটটায় প্রচার হচ্ছে ‘ফোর টুয়েন্টি’।
নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, লুৎফর রহমান জর্জ, নুসরাত ইমরোজ তিশা, মারজুক রাসেল, সোহেল খান প্রমুখ।
