ধর্ষকের বিচার চেয়ে ‘এপিসেন্টার থ্রি’ ব্যান্ডের আত্মপ্রকাশ

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১১:২৫ পিএম

ধর্ষণের প্রতিবাদ জানিয়ে নতুন গান নিয়ে হাজির হয়েছে গানের দল ‘এপিসেন্টার থ্রি’। গানটির নাম ‘দোজখের গান’। স্টুডিও লেজি-ট্রির ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার, ৮ অক্টোবর প্রকাশ করা হয়েছে এটি। ‘এপিসেন্টার থ্রি’ ব্যান্ডের প্রথম গান এটি। এখানে ফুটে উঠেছে তাদের প্রতিবাদী ভাষা।

‘রাত্রি আন্ধার, বন্দুকের ঝোপে, টর্চলাইটে জ্বলা ত্রস্ত চোখ, দেখছে মেয়েটার, একলা মেয়েটার, ওড়না-ছেঁড়া-থ্যাঁতা দেহে দোজখ'- এমন কথার গানটি লিখেছেন, সুর করেছেন ও গেয়েছেন সেলিম রেজা নিউটন।

গানটির সংগীতায়োজন করেছেন তোয়াসীন এবং শুভ সুলতান। এই গানের মিক্সিং ও মাস্টারিং করেছেন শুভ সুলতান এবং পাভেল রফিক।

সেলিম রেজা নিউটন বলেন, ‘গানটি ২০১৬ সালের মার্চ মাসে লেখা ও সুর করা এবং আগস্ট মাসে রেকর্ড করা হয়। সে বছর মার্চ মাসে কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ১৯ বছর বয়সী শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে দলবদ্ধভাবে ধর্ষণ করার পর খুন করা হয়।

তার মৃতদেহ উদ্ধার করা হয় কুমিল্লার ময়নামতি সেনানিবাসের অভ্যন্তরের একটি ঝোপ থেকে। এই গান খুন-ধর্ষণের বিরুদ্ধে মনুষ্য জাগরণের।’

সেলিম রেজা নিউটন আরও বলেন, ‘এটি ‘এপিসেন্টার থ্রি’ ব্যান্ডের প্রথম গান। আমাদের প্রথম অ্যালবামের কাজও শেষ প্রায়। পুরো অ্যালবামের সব গান এক সাথে রিলিজ করা হবে ভেবে ‘দোজখের গান’ এত দিন প্রকাশ করা হয়নি।

এখন সারা দেশে ধর্ষণের সর্বগ্রাসী অপচ্ছায়া যেভাবে নেমে এসেছে এবং যেভাবে তার বিরুদ্ধে মানুষ রাস্তায় দাঁড়াতে শুরু করেছেন, তার পরিপ্রেক্ষিতে এই গানটা স্বতন্ত্রভাবে রিলিজ করছে ‘এপিসেন্টার থ্রি’ ব্যান্ড।’

প্রসঙ্গত, দোজখের গানের ভিডিওটি ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী অপর্ণা কর-এর চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে। অ্যানিমেশন করেছেন সৌরভ রায়। ব্যান্ড সদস্যদের আলোকচিত্রী ছিলেন নিয়ামুন নাহার নিমা ও ব্যান্ডের পোস্টার-গ্রাফিক ডিজাইন করেছেন সেলিম রেজা নিউটন নিজেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত