নুর-মামুনদের গ্রেপ্তার চেয়ে শাহবাগ মোড় অবরোধ

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ০৯:১৮ পিএম

ধর্ষণ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয় আসামির গ্রেপ্তার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশ। 

শনিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয়।

তারা নুরদের গ্রেপ্তার এবং ধর্ষকদের শাস্তিসহ বিভিন্ন দাবিতে স্লোগান ও বক্তব্য দেন। 

কর্মসূচিতে অন্যদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ ও সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত বক্তব্য দে।

মুক্তিযুদ্ধ মঞ্চের অন্য দাবিগুলো হলো দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, ধর্ষণের দায়ে অভিযুক্ত সংগঠন ছাত্র অধিকার পরিষদকে সারা দেশে নিষিদ্ধ করা এবং শাহবাগে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধাদের অবমাননাকারী অপশক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

গত ২০ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সাবেক ভিপি নুরসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে লালবাগ থানায় মামলা করেন। পরের দিন ওই ছাত্রী এই ছয়জনকে আসামি করে কোতোয়ালি থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে আরেকটি মামলা করেন।

মুক্তিযুদ্ধ মঞ্চের এই অবরোধের কারণে পল্টন থেকে কাঁটাবন ও শাহবাগ থেকে বাংলামোটর অভিমুখী মূল সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে তৈরি হয় তীব্র যানজট, যদিও পাশের সরু রাস্তা দিয়ে কিছু গাড়ি চলছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত