অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন বিভিন্ন সংস্থাকে আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে অন্তত একটি সেবা সহজীকরণ বাস্তবায়ন করতে হবে।
অর্থ মন্ত্রণালয়ে সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও চিফ ইনোভেশন অফিসার আবদুল্যাহ হারুন পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নির্দেশনা দেওয়া হয়। সভার কার্যপত্রে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বার্ষিক উদ্বোধন কর্মপরিকল্পনা ২০২০-২১ অনুযায়ী চলতি মাসের ১৫ তারিখের মধ্যে ন্যূনতম একটি সেবা পদ্ধতি সহজীকরণের পাইলটিং বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী নতুন একটি সহজীকৃত সেবা ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাস্তবায়নের নির্দেশনা রয়েছে।
আলোচ্য নির্দেশনাগুলো পরিপালনের লক্ষ্যে ই-লাইব্রেরি, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, এসএমএসের মাধ্যমে শ্রান্তি বিনোদন ছুটির নোটিফিকেশন প্রেরণসহ ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়। সবশেষে কোনো একটি সেবা সহজীকরণের আগে এ বিভাগের শাখা-অধিশাখাগুলো থেকে মতামত সংগ্রহের বিষয়ে সভায় অভিমত ব্যক্ত করা হয়।
