গত মৌসুম শেষে বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু শৈশবের ক্লাবকে আদালতে নিতে চাননি বলে শেষ পর্যন্ত থেকে যান কাতালান ক্লাবেই। মেসি ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পর তাকে নিতে তোড়জোড় শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। শেষ পর্যন্ত তা হয়নি। তবে সেই সম্ভাবনা এখনো শেষ হয়নি। আগামী মৌসুমে ম্যানসিটিতে যেতে পারেন মেসি। মেসিকে কেনার মতো আর্থিক সক্ষমতা আছে বলে জানিয়েছেন ক্লাবটির ফুটবল পরিচালনা বিভাগের প্রধান নির্বাহী ওমার বেরাড্ডি।
চুক্তির এক বছর বাকি থাকতে ক্লাব ছাড়তে চেয়েছিলেন মেসি। তাই ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে পেতে হলে ম্যানসিটি বা অন্য ক্লাবকে দিতে হতো ৭০০ মিলিয়ন ইউরো। পরের মৌসুমে মেসিকে পেতে হলে এত বেশি না হলেও বড় অঙ্কের অর্থের প্রয়োজন ঠিকই পড়বে। এক ব্রিটিশ পত্রিকাকে এ বিষয়ে বেরাড্ডি বলেন, ‘আমরা সম্ভাব্য যে বিনিয়োগ করব তার মধ্যে মেসির বিষয়টি আলাদা। বর্তমান দল নিয়ে আমাদের পরিকল্পনা করা হয়েছে। আমাদের হাতে থাকা সুযোগগুলো বিবেচনা করা হচ্ছে। প্রতিটি পজিশনের জন্যই আমাদের প্রস্তুতি নিতে হবে (পরবর্তী মৌসুমের জন্য)। কারণ অনেক কিছুই হতে পারে। তবে আমি মনে করি, আমাদের সেই সক্ষমতা আছে যে, যেখানে প্রয়োজন বিনিয়োগ করতে পারব।’ মেসিকে আগামী মৌসুমে পেতে আগ্রহী ম্যানসিটি তা বোঝাই যাচ্ছে ক্লাবটির অন্যতম শীর্ষ কর্মকর্তার কথায়। আগামী মৌসুমের দলবদলেও সবচেয়ে বড় খবর হতে পারে মেসির ম্যানসিটিতে যাওয়া। তবে জোসেফ মারিয়া বার্তোমেউ আগামী মার্চে বার্সেলোনা ক্লাবের নির্বাচনে হেরে গেলে কিংবা আগেই সরে গেলে মেসি থেকে যেতে পারেন বার্সেলোনাতেই। তেমন সম্ভাবনাও আছে।
মেসির বার্সায় থাকা নিয়ে সুয়ারেজের তথ্য : সাবেক বার্সেলোনা তারকা লুইস সুয়ারেজের বিশ্বাস লিওনেল মেসিকে বার্সেলোনায় ধরে রাখা সম্ভব। তবে এর পেছনে বিশাল এক শর্ত আছে। আর তা হলো বার্সেলোনার বর্তমান বোর্ড পরিচালক পদে পরিবর্তন। একমাত্র প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউয়ের নেতৃত্বে বর্তমান বোর্ডের পরিবর্তনই পারে মেসিকে বার্সায় ধরে রাখতে। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে সুয়ারেজ বলেন, ‘হতে পারে মেসি অন্য ক্লাবে খেলবে। কিন্তু বার্সায় নতুন বোর্ড এলে ব্যাপারটা বদলে যেতে পারে। মেসি বার্সাতেই আবার সুখী অনুভব করবে এবং এখানেই থেকে যেতে পারে।’
