সাগরে নিম্নচাপের শঙ্কা, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ০৪:৪৯ এএম

পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপের সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এটি আরও ঘণীভূত হয়ে আজ রবিবার নাগাদ নিম্নচাপে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা নেই। তাছাড়া এর কোনো প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না। এটি ক্রমশ বাংলাদেশের সঙ্গে দূরত্ব বাড়িয়ে ভারতের অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল শনিবার দেশ রূপান্তরকে বলেন, ‘পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি রবিবার (আজ) নাগাদ নিম্নচাপে রূপ নিতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা নেই। সব গাণিতিক মডেল অনুযায়ী এটি ভারতের অন্ধ্র উপকূল দিয়ে স্থলভাগ অতিক্রম করে দুর্বল হয়ে যেতে পারে। তিনি বলেন, লঘুচাপের কোনো প্রভাব বাংলাদেশে নেই। নিম্নচাপে রূপ নিলেও বাংলাদেশে প্রভাব পড়ার সম্ভাবনা কম। কারণ এটি ধীরে ধীরে বাংলাদেশ থেকে দূরে চলে যাচ্ছে। আগামী দু-তিন দিন দেশের আবহাওয়া পরিস্থিতি প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে খুলনা ও বরিশালে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।

অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছিল, চলতি মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এই লঘুচাপটির ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা নাকচ করল আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটির অবস্থান সম্পর্কে অধিদপ্তরের গতকাল সন্ধ্যা ৬টার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ওই সময় পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে গত কয়েক দিন ধরে প্রায় সারা দেশেই বৃষ্টি কমে যাওয়ায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। গতকাল দেশের মাত্র তিন থেকে চারটি জায়গায় বৃষ্টি হয়েছে। এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সবচেয়ে বেশি ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। এ ছাড়া মোংলায় হয়েছে ১৫ মিলিমিটার। আগের দিনের চেয়ে এদিন তাপমাত্রা সামান্য বেড়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাঙ্গামাটিতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানীতেও দিনের তাপমাত্রা বেড়েছে। আগের দিনের ৩৪ দশমিক ৭ ডিগ্রি থেকে বেড়ে গতকাল ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অধিদপ্তরের তথ্যমতে, আগামী দুদিন তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অধিদপ্তরের আজকের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত