প্রেসিডেন্টস কাপে প্রতি দলে খেলতে পারবেন ১২ জন

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ০৭:১৪ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় রবিবার মাঠে গড়িয়েছে তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপ। এই আসরে প্রতিটি দল ১২ জন করে ক্রিকেটার খেলাতে পারবে । তবে ব্যাটিং-বোলিং করতে পারবেন যথারীতি ১১ জন করে।

এদিন আসরের উদ্বোধনী ম্যাচের আগে এই ‘প্লেয়িং কন্ডিশন’ জানিয়েছে বিসিবি। দুপুরে মিরপুরে মাহমুদউল্লাহ একাদশ ও শান্ত একাদশের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে তিন দলের আসরটি।

এ ছাড়া ৫০ ওভারের এই প্রতিযোগিতায় ‘টাই’ ম্যাচের ক্ষেত্রে রাখা হয়েছে সুপার ওভারের নিয়ম। সুপার ওভারও ‘টাই’ হলে আরেকটি সুপার ওভার হবে। সেখানেও জয়-পরাজয় নির্ধারিত না হলে ১ পয়েন্ট করে পাবে প্রতি দল।

আগেই জানানো হয়েছে রাউন্ড রবিন লিগ পদ্ধতির টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। সেরা দুটি দল খেলবে ফাইনাল। তবে প্রথম পর্ব শেষে তিন দলের পয়েন্টই সমান হলে বেশি জয় পাওয়া দুই দল খেলবে ফাইনালে। জয়ও সমান হলে দেখা হবে নেট রান রেট।

সূচিতে প্রতি ম্যাচেই রাখা হয়েছে রিজার্ভ ডে। ম্যাচ রিজার্ভ ডেতে গড়ালে খেলা শুরু হবে আগের দিনের স্কোর থেকে। ফাইনাল ম্যাচে রিজার্ভ ডেতেও জয়-পরাজয় নির্ধারণ করা না গেলে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। সে ক্ষেত্রে প্রাইজমানিও ভাগাভাগি করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত