বার্সেলোনা ছাড়তে চেয়েও শেষ পর্যন্ত পারেননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গুঞ্জন ছিল কাতালান ক্লাবটি ছেড়ে ম্যানচেস্টার সিটিতে পাড়ি দেবেন তিনি। তবে শেষ পর্যন্ত সেটি না হলেও আগামী মৌসুমের জন্য ইংলিশ ক্লাবটির ভাবনায় ভালোভাবেই আছেন মেসি।
গত মৌসুম শেষ হতেই বার্সেলোনা ছাড়তে চাওয়ার কথা ক্লাবকে জানিয়ে দেন মেসি। কিন্তু শৈশবের ক্লাবকে আদালতে নিতে চাননি বলে শেষ পর্যন্ত থেকে যান কাতালান ক্লাবেই। মেসি ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পর তাকে নিতে তোড়জোড় শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। শেষ পর্যন্ত তা হয়নি। তবে সেই সম্ভাবনা এখনো শেষ হয়নি। আগামী মৌসুমে ম্যানসিটিতে যেতে পারেন মেসি। মেসিকে কেনার মতো আর্থিক সক্ষমতা আছে বলে জানিয়েছেন ক্লাবটির ফুটবল পরিচালনা বিভাগের প্রধান নির্বাহী ওমার বেরাড্ডি।
চুক্তির এক বছর বাকি থাকতে ক্লাব ছাড়তে চেয়েছিলেন মেসি। তাই ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে পেতে হলে ম্যানসিটি বা অন্য ক্লাবকে দিতে হতো ৭০০ মিলিয়ন ইউরো। পরের মৌসুমে মেসিকে পেতে হলে এত বেশি না হলেও বড় অঙ্কের অর্থের প্রয়োজন ঠিকই পড়বে।
এক ব্রিটিশ পত্রিকাকে এ বিষয়ে বেরাড্ডি বলেন, ‘আমরা সম্ভাব্য যে বিনিয়োগ করব তার মধ্যে মেসির বিষয়টি আলাদা। বর্তমান দল নিয়ে আমাদের পরিকল্পনা করা হয়েছে। আমাদের হাতে থাকা সুযোগগুলো বিবেচনা করা হচ্ছে। প্রতিটি পজিশনের জন্যই আমাদের প্রস্তুতি নিতে হবে (পরবর্তী মৌসুমের জন্য)। কারণ অনেক কিছুই হতে পারে। তবে আমি মনে করি, আমাদের সেই সক্ষমতা আছে যে, যেখানে প্রয়োজন বিনিয়োগ করতে পারব।’
মেসিকে আগামী মৌসুমে পেতে আগ্রহী ম্যানসিটি তা বোঝাই যাচ্ছে ক্লাবটির অন্যতম শীর্ষ কর্মকর্তার কথায়। আগামী মৌসুমের দলবদলেও সবচেয়ে বড় খবর হতে পারে মেসির ম্যানসিটিতে যাওয়া। তবে জোসেফ মারিয়া বার্তোমেউ আগামী মার্চে বার্সেলোনা ক্লাবের নির্বাচনে হেরে গেলে কিংবা আগেই সরে গেলে মেসি থেকে যেতে পারেন বার্সেলোনাতেই। তেমন সম্ভাবনাও আছে। মেসির সঙ্গে বার্সার চুক্তি শেষ অবশ্য হচ্ছে চলতি মৌসুম শেষেই।
