‘ক্যারিয়ার কনফারেন্স ২০২০’— আয়োজকেরা যাকে বলছেন পৃথিবীর সর্ববৃহৎ ক্যারিয়ার ভিত্তিক ভার্চুয়াল সম্মেলন। অনুষ্ঠানটির পর্দা উঠছে মঙ্গলবার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ৬৪ দিন ৬৪ জেলা ও ৬৪ টি আলাদা সেক্টরকে কেন্দ্র করে এমন সম্মেলন দেশের ইতিহাসে প্রথম। পৃথিবীতেও এত কলেবরে টানা সম্মেলন এবার প্রথম।
বাংলাদেশ ইনোভেশন ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলন। এর আগে ২০১৯ সালে এই সম্মেলনের প্রথম আসর বসে ঢাকায়। তবে আয়োজকেরা জানিয়েছেন, বৈশ্বিক মহামারি করোনার প্রেক্ষিতে এবারের পুরো আয়োজন ভার্চুয়ালি হচ্ছে।
আয়োজক সূত্রে জানা যায়, সম্মেলন সম্পূর্ণ ভিন্নভাবে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সারা দেশের সব জেলার মানুষকে সম্পৃক্ত করতে প্রতি জেলার জন্য একেক বিষয়কে প্রাধান্য দিয়ে আলোচ্যসূচি সাজানো হয়েছে। তবে শুধু বাংলাদেশের মানুষই নন সারা পৃথিবী থেকে এই আয়োজন দেখা যাবে।
দেশীয় ও আন্তর্জাতিক বক্তা মিলে প্রায় ৫০০ এর অধিক বরেণ্য বক্তা ক্যারিয়ার কনফারেন্সে কথা বলবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্কিল ডেভেলপমেন্ট, বিজনেস গ্রোথ টেকনিক, উদ্ভাবন, চাকরির বাজারে নিজেকে প্রস্তুতকরণ, বাংলাদেশে উদ্যোগের ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা, গেইম ডেভেলপমেন্ট, অনলাইন মাধ্যমের দ্বারা ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা, স্পেস সায়েন্স, আইওটি, ডেটা সায়েন্স, প্রোগ্রামিং, থিম ডেভেলপমেন্ট, গ্রাফিকস, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংসহ স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে আইটি প্রফেশনালসদের চাকরির বাজার ও চাকরিতে সফল হওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনাসহ প্রান্তিক থেকে তৃণমূলে উদ্যোক্তা নেটওয়ার্ক সম্প্রসারণের কর্মপন্থাসহ ৬৪টি আলাদা বিষয় নিয়ে আলোচনা এই সম্মেলনে হবে।
বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু বলেন, চাকরিজীবী থেকে শুরু করে ব্যবসায়ী, শিক্ষার্থী, নতুন উদ্যোক্তা, গবেষক সবার জন্য সম্মেলনে বক্তারা কথা বলবেন। এ ছাড়া নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ আয়োজনও থাকবে।
ভার্চুয়াল সম্মেলনটি ১৩ অক্টোবর শুরু হয়ে চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নিচের লিংক থেকে যে কেউ অংশগ্রহণ করতে পারবে।
https://www.facebook.com/ictinnovationforum
সকল আপডেট পেতে অংশগ্রহণকারীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন লিংক www.bif.org.bd।
আয়োজনে সকল অংশগ্রহণকারীর জন্য থাকবে সার্টিফিকেট এবং প্রতিদিনই থাকবে বিশেষ পুরস্কার জিতে নেওয়ার সুযোগ।
