নববধূকে দলবদ্ধ ধর্ষণের বিচার ২০ হাজার টাকা

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১১:১৭ পিএম

বরিশালের কাজিরহাট থানার আন্ধারমানিক এলাকায় এক নববধূকে ৩ বন্ধু পালক্রমে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে এ ঘটনায় স্থানীয় এক ইউপি সদস্য দলবদ্ধ ধর্ষণের শাস্তি ২০ হাজার টাকা জরিমানা করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। লজ্জা এবং ক্ষোভে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে গৃহবধূ। তাকে পার্শ্ববর্তী হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের গ্রামের বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায় ওই নববধূ (১৭)।

স্থানীয়রা জানায়, তিন মাস আগে ওই কিশোরীর বিয়ে হয়। তবে সে আন্ধারমানিক গ্রামে তার বাবার বাসায় অবস্থান করছিল।

গৃহবধূর ভগ্নিপতি আবু বক্কর জানান, গত রবিবার রাত ১টার দিকে প্রতিবেশী দুলাল ব্যাপারীর ছেলে বাবু ব্যাপারী তার শ্যালিকাকে ডেকে নেয়। পরে একটি ঘরে আটকে বাবু এবং তার দুই বন্ধু রাজিব ও নাজমুল তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ নিয়ে ওই এলাকায় লোকজন জড়ো হলে স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বর) শাহ্‌ পরান ভূঁইয়া ওই রাতেই সেখানে উপস্থিত হন। তিনি সালিস মীমাংসার নামে ২০ হাজার টাকায় ধর্ষণের ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করেন। নববধূর পরিবার সমঝোতা নাকচ করে চলে যায়।

তবে ২ নম্বর ওয়ার্ডের মেম্বর শাহ্‌ পরান ভূঁইয়া ধর্ষণের ঘটনায় সালিস করার অভিযোগ অস্বীকার করেছেন।

সোমবার সকালে বিষয়টি এলাকায় জানাজানি হলে ওই তরুণী নববধূ বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। স্বজনরা অসুস্থাবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে কাজিরহাট থানা-পুলিশের দুটি দল ঘটনাস্থল এবং হিজলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কিশোরী সংজ্ঞাহীন। এ কারণে তার জবানবন্দি নেওয়া যায়নি। তবে জ্ঞান ফিরলে তার কাছ থেকে তথ্য নিয়ে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হবে।

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল হক জানান, ওই নববধূর সঙ্গে প্রতিবেশী এক যুবকের সম্পর্ক রয়েছে। রোববার রাতে নববধূ তার কথিত প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে স্থানীয় লোকজন তাদের ধরে ফেলে। স্থানীয় ওয়ার্ড মেম্বর ওই ঘটনার সালিস বসিয়েছিলেন। তারপরও এ বিষয়ে অধিকতর তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত