অ্যালায়েন্স সিকিউরিটিজের লাইসেন্স বাতিল

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ০৩:১৬ এএম

সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে গ্রাহক হিসাবের অর্থ উত্তোলন ও মালিকানা নিয়ে দ্বন্দ্বসহ বিভিন্ন অনিয়মের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য অ্যালায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের লাইসেন্স বাতিল করা হয়েছে। প্রতিষ্ঠানটির স্টক-ব্রোকার এবং স্টক ডিলার রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিল করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গত মঙ্গলবার ডিএসইকে চিঠি দিয়েছে। এসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মাদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

মালিকানা দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরে ব্রোকারেজ হাউজটির লেনদেন বন্ধ রয়েছে। এ ছাড়া নতুন করে কোম্পানির বিভিন্ন অনিয়ম খুঁজে পেয়েছে কমিশন। এর প্রেক্ষিতে লাইসেন্স বাতিল করেছে এসইসি। তবে এ ব্রোকারেজ হাউজের গ্রাহকরা অন্য হাউজের লিঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন।

এসইসি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নিয়মবহির্ভূতভাবে প্রতিষ্ঠানটি তার পরিচালক এবং তাদের পরিবারের সদস্যদের নানা ব্যবসায়িক সুযোগ সুবিধা দিয়ে আসছে। অভিযোগের প্রমাণ পাওয়ার পর অ্যালায়েন্স সিকিউরিটিজের বিরুদ্ধে বৈধ দাবি মীমাংসা করা নির্দেশনা দেয় এসইসি। কিন্তু এ নির্দেশনা পালন না করায় গত বছরের ২১ মে কমিশন প্রতিষ্ঠানটির লাইসেন্স স্থগিত করে।

প্রতিষ্ঠানটি নিয়ম লঙ্ঘন করে বিনিয়োগকারীদের সমন্বিত গ্রাহক হিসাব থেকে ১২ কোটি ৯৭ লাখ টাকা উত্তোলন করেছে এবং একটি ফিক্সড ডিপোজিট করেছে। এ ছাড়া তদন্তের সময় তদন্তকারীদের সহযোগিতাও করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত