বান্দরবানের রোয়াংছড়িতে সাউ প্রু মারমা (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নতুনপাড়া সড়কে এ ঘটনা ঘটে।
নিহত সাউ প্রু মারমা রোয়াংছড়ি সদর ইউনিয়নের নতুনপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ছিলেন। তিনি জনসংহতি সমিতির (জেএসএস) সংস্কার গ্রুপের সমর্থক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নতুনপাড়া সড়কে সাউ প্রু মারমাকে গুলি করে হত্যা করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
সাউ প্রু মারমার স্বজনদের দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে জেএসএস সশস্ত্র শাখার ক্যাডাররা জড়িত। আধিপত্য বিস্তারের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
রোয়াংছড়ি থানার ওসি তৌহিদুল কবির বলেন, গুলি করে সাবেক এক মেম্বারকে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত ১০ অক্টোবর সদর উপজেলার জাছড়ি বাজারে সন্ত্রাসীদের গুলিতে বাচ মং মারমা নামে একজন নিহত হন।
