তিন দিনে ৯ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ০৩:৪৮ পিএম

মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে তৃতীয় দিন শনিবার পর্যন্ত দেশের ৮টি বিভাগে ৪৪২টি মোবাইল কোর্ট ও ৩০৫৯টি অভিযান পরিচালনা করা হয়েছে।

এর মাধ্যমে ৯ কোটি ১৩ লাখ ৪ হাজার টাকা মূল্যের ৬৫ লাখ ৯৯ হাজার ২০০ মিটার দৈর্ঘ্যের কারেন্ট জালসহ ৪৪৫টি অন্যান্য অবৈধ জাল আটক করা হয়েছে।

এ সময়ের মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণের কারণে মৎস্য আইনের আওতায় ১৭৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে জেল প্রদান করা হয়েছে এবং ৬ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলা করা হয়েছে ২৭৩টি। এ সময়ে ৩.৩৬ মেট্রিক টন ইলিশ মাছ আটক করা হয়েছে।

এ সংক্রান্ত একটি প্রতিবেদন মৎস্য অধিদপ্তরে স্থাপিত মা ইলিশ সংরক্ষণ অভিযান সংক্রান্ত নিয়ন্ত্রণ কক্ষ থেকে আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ১৪ অক্টোবর হতে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার।

এই ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় আইনত দণ্ডনীয় অপরাধ।

আইন অমান্যকারীকে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত