দ্রুতই জাতীয় দলের ক্যাম্প শুরুর পরিকল্পনা

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ০৯:৫৬ পিএম

নভেম্বরে ফিফা উইন্ডোতে নেপালের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন থেকে মিলেছে সবুজ সংকেত। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাই দ্রুতই জাতীয় দলের ক্যাম্প শুরুর পরিকল্পনা করছে।

ভেন্যু এখনো চূড়ান্ত না হলেও ১১ থেকে ১৯ নভেম্বরে ফিফা উইন্ডোতে নেপালকে আতিথ্য দেবে বাংলাদেশ। হাতে তাই খুব বেশি সময় নেই।

বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানালেন এরই মধ্যে ক্যাম্প ও প্রস্তুতির বিষয়ে কাজ শুরুর কথা। বাফুফের সহসভাপতি নাবিল বলেন, ‘ক্যাম্প আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই শুরু করব। ক্যাম্প শুরুর আগে খেলোয়াড়দের কভিড-১৯ পরীক্ষা করা হবে।’

এর আগে বিশ্বকাপ বাছাই উপলক্ষে গত আগস্টে গাজীপুরে একটি রিসোর্টে শুরু হয়েছিল জাতীয় দলের ক্যাম্প। পরে অবশ্য বিশ্বকাপ বাছাইয়ের খেলা এ বছর আর হবে না বলে সিদ্ধান্ত হয়।

বিশ্বকাপ বাছাইয়ের সেই ক্যাম্পে করোনা পরীক্ষা নিয়ে অনেক নাটক হয়েছে। জাতীয় দলের খেলোয়াড়রা নিজস্ব ব্যবস্থাপনা করোনা পরীক্ষা করিয়ে আসার পর একাধিকবার সবার পরীক্ষা করা হয়।

এবার বাফুফের যে প্রাথমিক পরিকল্পনা, তাতে অবশ্য কাউকে করোনা পরীক্ষা করিয়ে আসতে হবে না। ক্যাম্পে যোগ দেওয়ার পর হবে করোনা পরীক্ষা। এ ছাড়া কোনো রিসোর্টে নয়, এবার কোনো হোটেলেই ক্যাম্প করতে চায় বাফুফে।

জাতীয় দলের কোচ জেমি ডে রয়েছেন নিজ দেশ ইংল্যান্ডে। তাকে ফেরানো নিয়েও কাজ শুরু করেছে বাফুফে।

এদিকে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে নেপালও প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বলে খবর সংবাদমাধ্যমের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত