সাভারের আশুলিয়ায় শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার পর পালিয়ে গিয়ে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহাজাদপুর থানায় আত্মসমর্পণ করেছে রিপন (৩০) নামে এক ব্যক্তি। এদিকে খবর পেয়ে শনিবার দুপুরে আশুলিয়ার কাঁঠালতলা এলাকা থেকে শাহিনুর বেগম (২০) নামে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করে শাহাজাদপুর থানার পরিদর্শক ফজলে আশিক বলেন, সকালে রিপন থানায় আত্মসমর্পণ করে। পরে তাকে আটক করা হয়েছে। রিপন ও শাহিনুর শাহাজাদপুর থানার শিবরামপুর গ্রামের বাসিন্দা। তারা দুজনেই আশুলিয়ার জামগড়া এলাকার পোশাক কারখানায় কাজ করত।
আশুলিয়া থানার এসআই জয়ন্ত কুমার বলেন, রিপন নামে এক ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করে সিরাজগঞ্জের শাহাজাদপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। এই খবর পেয়ে আমরা ওই বাসা গিয়ে কক্ষের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।
এলাকাবাসী জানায়, দুপুরে হঠাৎ আশুলিয়ায় রিপনের বাসার খোঁজ করে পুলিশ। বাসা খুঁজে পেয়ে তালাবদ্ধ কক্ষ থেকে শাহিনুরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। রিপন তার স্ত্রীকে ১৬ অক্টোবর রাতের কোনো এক সময়ে শ্বাসরোধ করে হত্যা করেছে বলেও জানান তারা।
