হঠাৎ করে যেন জ্বলে উঠল ম্যানচেস্টার ইউনাইটেড। শেষের ঝলকে ড্রয়ের দিকে এগিয়ে যাওয়ার লড়াইয়ের সব হিসেব বদলে দিল দলটি। গোলবন্যায় ভাসাল স্বাগতিক নিউক্যাসল ইউনাইটেডকে।
শনিবার রাতে অনুষ্ঠিত ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে হ্যারি ম্যাগুয়ের অতিথিদের সমতায় ফেরানোর পর শেষ দিকে ১২ মিনিটের ব্যবধানে একটি করে গোলে জয় নিশ্চিত করেন ব্রুনো ফের্নান্দেস, অ্যারন ওয়ান-বিসাকা ও মার্কাস র্যাশফোর্ড।
ম্যাচের শুরুতেই নিজেদের ভুলে নিউক্যাসলকে এগিয়ে দেয় ম্যানইউ। বল রুখতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে বসেন লেফট-ব্যাক লুক শ। অবশ্য খেলায় সমতা ফেরাতে খুব সময় লাগেনি রেড ডেভিলদের। ২৩ তম মিনিটে গোল করেন অধিনায়ক ম্যাগুয়ের।
ম্যাচের ৫৮তম মিনিটে অবশ্য এগিয়ে যেতে পারত ম্যানইউ। কিন্তু ব্রুনো ফের্নান্দেসের পেনাল্টি শট রুখে দিয়ে দলটিকে হতাশ করেন স্বাগতিক দলের গোলরক্ষক কার্ল ডারলো।
পেনাল্টি থেকে গোল করতে না পারার আফসোসটা ম্যাচের শেষ দিতে ঘুচিয়ে নিয়েছেন ফের্নান্দেস। র্যাশফোর্ডের কাছ থেকে বল পেয়ে দুরূহ কোণ থেকে দারুণ এক গোল করেন পর্তুগিজ এই মিডফিল্ডার।
ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে ম্যানইউকে আরও একটি গোল এনে দেন রাইট-ব্যাক ওয়ান বিসাকা। আর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকেন র্যাশফোর্ড।
এবারের লিগের শুরুটা মোটেও ভালো হয়নি ম্যানইউ’র। চার ম্যাচ খেলে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্দশস্থানে আছে দেশটি। এক ম্যাচ বেশি খেলা এভারটন শীর্ষে আছে ১৩ পয়েন্ট নিয়ে।
