ব্রাজিলে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ০১:৩৬ পিএম

ব্রাজিলের সাওপাওলোতে দুর্বৃত্তের গুলিতে মৌলভীবাজারের বড়লেখার ‍মুত্তাকিন আহমদ রায়হান (২৩) নিহত হয়েছেন।

গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ব্রাজিলের সাওপাওলো শহরে এই ঘটনা ঘটে।

নিহত রায়হান উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের চর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন বলেন, আমি সকালে তাদের বাড়িতে গিয়েছি রায়হানের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে কয়েক বছর আগে ব্রাজিলে পাড়ি জমান রায়হান। সেখানে তিনি ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

প্রতিদিনের মতো রায়হান শুক্রবার সন্ধ্যায় ট্যাক্সি নিয়ে বের হন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সাওপাওলো শহরে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

তবে ঠিক কী কারণে রায়হান খুন হয়েছেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি।

তবে স্থানীয় প্রবাসী একটি সূত্র জানিয়েছে, টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা রায়হানকে গুলি করে হত্যা করেছে।
এদিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ব্রাজিল প্রবাসী কামরুল ইসলাম মুঠোফোনে বলেন, রায়হান ট্যাক্সি চালিয়ে টাকা উপার্জন করতো। শুক্রবার রাতে ট্যাক্সি নিয়ে বেরিয়েছিল। হঠাৎ শুনেছি সে দুর্বৃত্তদের গুলিতে খুন হয়েছে। আমরা সেখানকার একটি সিসি ক্যামেরার ফুটেজ দেখেছি, দুর্বৃত্তরা তাকে গুলি করে দৌড়ে পালাচ্ছে।

তবে কী কারণে তারা তাকে হত্যা করলো, তা ঠিক বলতে পারছি না। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে বলে শুনেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত