বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের নামে নাটক করছে। গতকাল রবিবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
দেশের গণতন্ত্র এখন মুমূর্ষু অবস্থায় আছে মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, ‘গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না। কিন্তু সরকার ও ইসি পরিকল্পিতভাবে নির্বাচনকে অগ্রহণযোগ্য ও হেয় করে ফেলেছে।’ তিনি আরও বলেন, ‘গত শনিবার ঢাকা ও নওগাঁয় দুটি সংসদীয় আসনে উপনির্বাচন হয়েছে। ঢাকার আসনে ভোট পড়েছে ১০ শতাংশ। ঢাকা শহরে ১০ শতাংশ ভোট পড়বে এটা কী করে হয়? আমাদের কোনো এজেন্টকে কেন্দ্রে ঢুকতেই দেওয়া হয়নি।’
