জাতীয় দলের সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম নতুন দায়িত্বে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পেতে যাচ্ছেন ১৭ টেস্ট ও ৩৪ ওয়ানডে খেলা এই বাঁহাতি পেসার।
৪০ বছর বয়সী মঞ্জুরুল খেলা ছাড়ার পর কোচিংয়ে ক্যারিয়ার গড়ে তুলেছিলেন। নতুন দায়িত্বের কারণে স্বাভাবিকভাবেই সেটিতে যতি পড়তে যাচ্ছে আপাতত।
নভেম্বর থেকেই মেয়েদের জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব নেবেন তিনি। এক বছর মেয়াদে তার এ নিয়োগ সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির উইমেন্স উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
সবশেষে মেয়েদের সিনিয়র জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন আতাহার আলি খান। তবে সাবেক এই ক্রিকেটার ধারাভাষ্যের ব্যস্ততার জন্য দায়িত্ব ছাড়েন। ২০১৭ সালের পর থেকেই তাই পদটি ফাঁকা ছিল।
১৯৯৯ সালে পাকিস্তান দলের বাংলাদেশ সফরে মঞ্জুরুলের ওয়ানডে অভিষেক। সবশেষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি ২০০৪ সালে। সে বছর ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টই হয়ে আছে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।
২০০৮ সালে আইসিএলে যোগ দেওয়া বাংলাদেশের এক ঝাঁক ক্রিকেটারের মধ্যে ছিলেন মঞ্জুরুলও। যে কারণে নিষিদ্ধ হয়েছিলেন। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে মঞ্জুরুল আবার দেশের ক্রিকেটের মূল ধারায় যুক্ত হয়েছেন অনেকদিন।
মাঝে চীনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ডেভেলপমেন্ট কোচ হিসেবে কাজ করেছেন তিনি। দেশের ঘরোয়া বিভিন্ন প্রতিযোগিতায় তাকে কোচ হিসেবে দেখা গেছে।
এবার নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে বলে জানালেন মঞ্জুরুল, ‘অনেকদিন থেকেই আমি বিসিবির সঙ্গে কাজ করতে মুখিয়ে ছিলাম। নতুন চ্যালেঞ্জ নিতে আমি তৈরি।’
