ফেনীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণী ধর্ষণের শিকার

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০৪:০০ এএম

ফেনীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় গত সোমবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই তরুণীর বাড়ি খাগড়াছড়ি। পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করে রবিবার রাত দেড়টার দিকে সে ফেনীতে এসেছিল বলে পুলিশ জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, রিকশাচালক মো. রিয়াজ ও সেলুন দোকানের কর্মচারী ছোটন চন্দ্র শীল। ফেনী মডেল থানার ওসি (তদন্ত) ওমর হায়দার জানান, ওই তরুণীর এক বান্ধবী ফেনী চাঁড়িপুরে বিসিক এলাকায় আবুল খায়ের ম্যাচ ফ্যাক্টরিতে কাজ করে। রবিবার রাত দেড়টার দিকে সে ফেনী পৌঁছানোর পর বিসিকে যাওয়ার জন্য মহিপাল থেকে রিয়াজের রিকশায় ওঠে। রিয়াজ তাকে বিসিক যাওয়ার কথা বলে ফেনী পৌর এলাকার ১২নং ওয়ার্ডের মোক্তার বাড়ি এলাকার একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। গভীর রাতে রিয়াজ তাকে নিয়ে আবার বের হয়ে বিসিকের দিকে রওনা দেয়। এ সময় ফেনী সদরের আমতলী রাস্তার মাথার কাছে সেলুন কর্মচারী ছোটন তাকে রিকশা থেকে নামিয়ে নিয়ে ধর্ষণ করে। ওই তরুণীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাকে হেফাজতে রাখা হয়েছে।

এদিকে রাজধানীর কদমতলীতে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার, নরসিংদীতে টেক্সাইল মিলের শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের খবর পাওয়া গেছে। এছাড়া মাদারীপুরে গৃহবধূর অশ্লীল ভিডিও ফেইসবুকে ছড়িয়ে দেওয়ায় অভিযোগে এক গৃহশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে

কদমতলীতে তিন বছরের শিশুকে ধর্ষণ : রাজধানীর কদমতলী এলাকায় তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে কাজল (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে গতকাল বেলা ১১টার দিকে শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। কদমতলী থানার এসআই মো. ইমরুল হাসান বলেন, শিশুটির বাবা দিনমজুর এবং মা গৃহিণী। সোমবার দুপুর আড়াইটার দিকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী যুবক কাজল তাকে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে কৌশলে সেখান থেকে পালিয়ে যায় সে। পরে বিকেলে তাকে পুলিশ গ্রেপ্তার করে। সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

নরসিংদীতে টেক্সাইল মিলের শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ : নরসিংদীর সদর উপজেলার শীলমান্দিতে টেক্সাইল মিলের এক শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ওই শ্রমিককে ধর্ষণের ঘটনায় দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পিবিআই। সোমবার রাতে ওই শ্রমিকের বাবা বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ তিনজনকে আসামি করে নরসিংদী সদর মডেল থানায় মামলা করেছেন। এর আগে শনিবার রাত ১০টার দিকে কাজের উদ্দেশ্যে টেক্সটাইল মিলে যাওয়ার সময় ওই নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। সোমবার দুপুরে শীলমান্দি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মো. জামান মিয়া (৩০) ও উসমান ভূইয়াকে (৩২) আটকের পর রাতে মামলা করেন ওই কিশোরীর বাবা।

মাদারীপুরে গৃহবধূর অশ্লীল ভিডিও ফেইসবুকে ছড়িয়ে দেওয়ায় গৃহশিক্ষক গ্রেপ্তার : কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকা থেকে এক গৃহবধূর আপত্তিকর অশ্লীল ছবি এবং ভিডিও ধারণ করে ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত সোমবার রাতে মো. সাব্বির হোসাইন (২৭) নামে এক গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

র‌্যাব-৮, সিপিসি-৩ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানান, ভুরঘাটা এলাকার অভিযুক্ত আসামি এক প্রবাসীর বাড়িতে গৃহশিক্ষক হিসেবে যাওয়া-আসার ফলে প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের কিছু অশ্লীল ছবি মোবাইল ফোনে বিভিন্ন সময়ে আসামি ধারণ করে। পরে ওই আপত্তিকর ছবি ফেইসবুকে ছড়িয়ে দেয়। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভিকটিম কালকিনি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত