করোনা চিকিৎসায় প্লাজমার ভূমিকা কম

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১১:১২ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সম্ভাব্য চিকিৎসায় তথাকথিত কনভালেসেন্ট প্লাজমা বা সেরে ওঠা রোগীদের রক্তের ব্যবহার তেমন একটা কার্যকর নয় বলে ভারতে দেখা গেছে। ব্রিটিশ মেডিকেল জার্নাল-বিএমজেতে গতকাল শুক্রবার প্রকাশিত ভারতের ক্লিনিক্যাল পরীক্ষার ফলাফলের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

রক্তের তরল, হালকা হলুদাভ অংশকে প্লাজমা বা রক্তরস বলে। তিন ধরনের কণিকা ছাড়া রক্তের বাকি অংশই রক্তরস। সেরে ওঠা রোগীদের প্লাজমায় থাকায় অ্যান্টিবডি সংক্রমিতদের সেরে উঠতে সহায়তা করতে পারে এমন ধারণা থেকে বিভিন্ন দেশে কভিড-১৯ চিকিৎসায় এই প্লাজমা ব্যবহার করা হচ্ছে।

তবে সাময়িকীতে প্রকাশিত ফলাফল অনুযায়ী সংক্রমিতদের শরীরে কনভালেসেন্ট প্লাজমা প্রয়োগ করেও মৃত্যুর হার কমাতে বা গুরুতর অসুস্থতা প্রতিরোধে সফলতা আসেনি।

হাসপাতালে ভর্তি চারশোর বেশি কভিড-১৯ রোগীর ওপর চালানো সমীক্ষা থেকে পাওয়া এই ফলাফল চিকিৎসাকে পিছিয়ে দেবে, যেখানে গত আগস্টে এটিকে ‘ঐতিহাসিক অগ্রগতি’ হিসেবে বর্ণনা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ভারতে জরুরি চিকিৎসা হিসেবে প্লাজমা ব্যবহার অনুমোদিত।

ব্রিটেনসহ অন্যান্য দেশ প্লাজমা সংগ্রহ করছে, যাতে এটার কার্যকারিতা প্রমাণিত হলে ব্যাপকভাবে ব্যবহার করা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত