নড়াইলের কালিয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের নবগঠিত কমিটি গঠনতন্ত্র পরিপন্থী দাবি করে অবিলম্বে এসব কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে কালিয়া উপজেলা শহরে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি কালিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই এলাকায় এসে শেষ হয়। পরে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। ২২ অক্টোবর কালিয়া উপজেলা শাখায় সভাপতি পদে এফ এম সোহাগ ও সাধারণ সম্পাদক পদে রাইসুল ইসলাম পান্নু এবং কালিয়া পৌর শাখার সভাপতি পদে এম এম তানভিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে প্রশান্ত কুমার দাশকে মনোনীত করা হয়। এক বছর মেয়াদি কমিটির অনুমোদন দেন জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম ও সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ।
এ প্রসঙ্গে চঞ্চল শাহরিয়ার মিম ও রকিবুজ্জামান পলাশ বলেন, নবগঠিত দুটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়নের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে বিচার-বিশ্লেষণ করেই অনুমোদন দেওয়া হয়েছে।
