চট্টগ্রামে শিক্ষা উপমন্ত্রী

শুধু ফাইল সইয়ের মানসিকতা পরিহার করতে হবে

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ০৫:৩২ এএম

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, উচ্চশিক্ষা অর্জন করে শুধু চেয়ার-টেবিলে ফাইল সই করার মানসিকতা পরিহার করতে হবে। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি নতুন প্রজন্মকে জীবনভিত্তিক শিক্ষা অর্জনেরও আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে নওফেল বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে। জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম চট্টগ্রামের তৃণমূল পর্যায়ে উন্নয়নের পাশাপাশি শিক্ষা বিস্তারে কাজ করছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রধান বিবেচ্য বিষয় ছিল শিক্ষা। তিনি ব্যবহারিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক শিক্ষার কথাও বলেছেন। বঙ্গবন্ধু তৎকালীন ৩৫ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন। বর্তমানে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর দক্ষতাভিত্তিক প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিয়েছেন।

জেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) শাব্বির ইকবাল, জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত