গড্ডলিকায় না ভেসে নিজের গল্প নিয়ে বড়পর্দায় হাজির হয়েছেন মাসুদ হাসান উজ্জ্বল। এই মন্তব্য নামি নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর।
শুক্রবার মুক্তি পেয়েছে উজ্জ্বলের প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। মুক্তির পর থেকে শুভেচ্ছা ও প্রশংসায় ভাসছেন তিনি।
‘ঊনপঞ্চাশ বাতাস’-এর মূল চরিত্রে আছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। তাদের প্রশংসাও করলেন ‘আয়নাবাজি’ নির্মাতা।
অমিতাভ শনিবার ফেইসবুক পোস্টে বলেন, “আমি ফিল্ম রিভিউ লিখতে পারি না, সেটা আমার কাজও না, নিজেকে গড্ডলিকায় না ভাসিয়ে মাসুদ হাসান উজ্জ্বল নিজের গল্প নিয়ে হাজির হয়েছে। খুব ভালো লেগেছে শার্লিন ফারজানা আর ইমতিয়াজ বর্ষণকে।”
সঙ্গে সিনেমা হলের সংকটও টেনে আনেন অমিতাভ। বলেন, “সবাই হলে গিয়ে সিনেমা দেখুক। হল বাঁচলে সিনেমা বাঁচবে।”
শুক্রবার মুক্তি পাওয়া ‘ঊনপঞ্চাশ বাতাস’ রাজধানীর স্টার সিনেপ্লেক্সের তিন আউটলেট, ব্লকবাস্টার সিনেমাস ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে।
সীমিত পরিসরে মুক্তি নিয়ে কয়েক দিন আগে ফেইসবুকে দীর্ঘ পোস্ট দেন উজ্জ্বল। সেখানে তিনি বলেন, “… দীর্ঘ সাত মাস হল বন্ধ থাকার পর হুট করে বড় একটা রিলিজ দিতে গেলে সেটাকে এতো স্বল্প সময়ে সমন্বয় করাটাও কঠিন! ফলে বলছি না যে আমরা দেশব্যাপী মুক্তি দেব না, কিন্তু একটু গুছিয়ে বুঝেশুনে সারা দেশে মুক্তি দিতে চাই!”
পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্পনির্দেশনা ও সংগীত পরিচালনা করছেন মাসুদ হাসান উজ্জ্বল নিজেই।
