কলমাকান্দায় ঘরে ছাত্রলীগকর্মীর ঝুলন্ত লাশ

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ০১:৫৫ এএম

নেত্রকোনার কলমাকান্দায় আল মামুন (১৭) নামে ছাত্রলীগের এক কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে উপজেলায় রংছাতি ইউনিয়নের বিশাউতি গ্রামে নিজ ঘরের আড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই গ্রামের দিনমজুর রফিকুল ইসলামের ছেলে মামুন কলমাকান্দা সরকারি ডিগ্রি কলেজের এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে মামুনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম।

এর আগে গত শনিবার রাতে পরিবারের আর্থিক সংকটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে ফেইসবুকে পোস্ট দেন মামুন। এতে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা। সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, আমি আপনার রাজনৈতিক দলের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কলমাকান্দা উপজেলা শাখার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে অন্যায়ের প্রতিবাদ, সৎ সাহস ও বুকে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও সমাজকল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছি সবসময়। কখনো নিজের ভবিষ্যৎ ও পরিবারের কথা চিন্তা করিনি। এমতাবস্থায় ব্যাপক আর্থিক সংকট ও পরিবারের বড় ছেলে হিসেবে সংসারের দায়িত্ব নেওয়া পাহাড় সমতুল্য। মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি দয়া করে আমার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করতেন তাহলে বঙ্গবন্ধুর বাংলাদেশে আমার পরিবারের এত কষ্টে দিন কাটত না, কিছুটা হলেও সুখের সন্ধান পেত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত