হাতিয়ায় লঞ্চ থেকে পানিতে লাফ দিয়ে মো. নুর নবী হৃদয় (১২) নামক এক কিশোর নিখোঁজ রয়েছে। সোমবার সকাল এগারোটায় ঘটনাটি ঘটেছে হাতিয়ার তমরদ্দি লঞ্চঘাটের পাশের মেঘনায়। হৃদয় তমরদ্দি ইউনিয়নের ১ নম্বর ক্ষিরোদিয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় ইয়াহইয়া কওমী মাদ্রাসার ছাত্র।
তমরদ্দি লঞ্চঘাটের ঘাট শ্রমিক কামরুল, দোকানদার নুর নবী ও প্রত্যক্ষদর্শী অন্যরা জানান, হৃদয় ঘাটে থাকা ফারহান-৩ লঞ্চের দোতলা থেকে পানিতে লাফ দেয় । পানিতে পড়ার পর সে আর পানি থেকে ওঠেনি।
হৃদয়কে উদ্ধারের জন্য তার স্বজন, স্থানীয় লোকজন, পুলিশ, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের কর্মীরা টানা চেষ্টা করছেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ তদারকি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ইমরান হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার সালাম।
ইউএনওর সঙ্গে হৃদয়ের নিখোঁজের বিষয়ে আলাপকালে ফারহান-৩ লঞ্চের মালিক গোলাম কিবরিয়া টিপু ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে যাত্রীবাহী লঞ্চটিকে ঢাকা যেতে দেওয়া হয়। উদ্ধার কাজ এখনো অব্যাহত রয়েছে।
