অতীতের সব রেকর্ড ভেঙে বিদেশি বাণিজ্যিক জাহাজে পরিপূর্ণতা পেয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষের জেটি। গত রবিবার রাতে এক সঙ্গে ৫টি জাহাজ বন্দর জেটিতে সারিবদ্ধভাবে ভিড়েছে। চলছে একই সঙ্গে সব জাহাজ থেকে পণ্য খালাসের কাজ। এর ফলে জেটিজুড়ে ব্যাপক কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন বন্দর জেটিতে রয়েছে লাইবেরিয়া পতাকাবাহী মেশিনারি পণ্যবোঝাই এমভি ডেইসি, সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ এমভি কোটারিয়া ও কোটাহরম্যাট, পানামার পতাকাবাহী মেশিনারি পণ্যবোঝাই হনর পেসক্যার্ডস ও মালয়েশিয়ার পতাকাবাহী গাড়ির জাহাজ এমভি স্টার।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, বর্তমান সরকার ও বন্দর কর্তৃপক্ষের নানামুখী যুগান্তকারী পদক্ষেপের ফলে মোংলা বন্দর ক্রমশই উন্নতির দিকে ধাবিত হচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতায় জেটির সম্মুখভাগ ও বন্দর চ্যানেলের নাব্য বৃদ্ধিসহ বন্দরের সক্ষমতা বাড়ায় একই সঙ্গে ৫টি জাহাজ জেটিতে মালামাল খালাসের জন্য বার্থিং করা সম্ভব হয়েছে। ফলে বন্দর প্রতিষ্ঠার ইতিহাসে এই প্রথম বন্দরের সব জেটি বিদেশি জাহাজে পরিপূর্ণ হয়েছে। গত রবিবার বন্দর জেটিতে ৫টিসহ পশুর চ্যানেল ও আউটারবারে মোট ১১টি জাহাজের অবস্থান রয়েছে।
