ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ থেকে অফিস আদেশ জারি করা হয়। এর আগে বিধিমতে এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগকে অবগত করে চিঠি দেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আকরামুজ্জামান।স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা চিঠিতে বলা হয়, ‘মোহাম্মদ ইরফান সেলিম, পিতা মোহাম্মদ হাজী সেলিমের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর একজন কর্মকর্তা ও তার স্ত্রী ওপর হামলার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তিনি বিদেশি মদ সেবন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদন্ডে দন্ডিত হয়েছেন এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত হয়ে ইতিমধ্যে কারাগারে আছেন। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক রাখার দায়ে আরও মামলা দায়ের চলমান আছে। সিটি করপোরেশনের কোনো কাউন্সিলরের বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত অপরাধ এবং অসদাচরণের অভিযোগে স্থানীয় সরকার (সিটি করপোরশন) আইন, ২০০৯-এর ধারা ১২-এর উপধারা (১)-এর ক্ষমতাবলে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।’
নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় বাড়ি তল্লাশির পর র্যাবের ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেয় ইরফানকে। ইরফান সেলিম ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে এবং নোয়াখালীর সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর জামাতা।
