ঘুরতে গিয়ে সড়কে লাশ ৩ যুবক

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ০৭:৪৪ এএম

নীলফামারীর ডিমলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আরোহী তিন যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার ঝুনাগাচাপানী ইউনিয়নের সোনাখুলী সুইস গেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ওই তিন যুবক তিস্তা ব্যারাজ এলাকায় ঘুরতে যাচ্ছিলেন।

নিহতরা হলেন সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়ার উপেন চন্দ্রের ছেলে রিংকু চন্দ্র (২১), একই মহল্লার নিতাই চন্দ্র রায়ের ছেলে দীপ্ত চন্দ্র রায় (২১) এবং দিনাজপুরের ফুলবাড়িয়ার প্রসনজিৎ রায় (২৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জলঢাকা থানা পরিদর্শক (তদন্ত) মো. ফজলুর রহমান জানান, গতকাল দুপুরে তিন যুবক সৈয়দপুর থেকে একটি মোটরসাইকেলযোগে তিস্তা ব্যারাজ এলাকায় যাচ্ছিলেন। পথে ডিমলা উপজেলার ঝুনাগাচাপানী ইউনিয়নের সোনাখুলী সøুইস গেট এলাকায় বাঁক নিতে গিয়ে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় খায়। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবু তৈয়ব জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়ার আগেই ওই তিন যুবকের মৃত্যু হয়েছে।

পুলিশ কর্মকর্তা ফজলুর রহমান আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই তিন যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

এদিকে নেত্রকোনায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে সদর উপজেলার নয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের হলেন সদর উপজেলার বাংলা গ্রামের মৃত চান মিয়ার ছেলে অটোরিকশাচালক কমল মিয়া (৩৬) ও নোয়ানগর গ্রামের ইউসুফ আলীর ছেলে অটোযাত্রী মুফতি জসিম মিয়া (৩৮)। আহতরা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। তারা সবাই অটোরিকশা যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে অটোচালক কমল যাত্রী নিয়ে ঠাকুরোকোনা থেকে নেত্রকোনা শহরের দিকে যাচ্ছিলেন। নয়াপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক কমল ও যাত্রী জসিম মারা যান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন বলেন, ট্রাকচালক পালিয়ে গেছে। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত