নানা কর্মসূচির মধ্যদিয়ে গতকাল মঙ্গলবার সারা দেশে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে যুবদল। কেন্দ্রীয়ভাবে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে বরিশালে ১০০ গজের মধ্যে যুবদলের তিন গ্রুপ পৃথক কর্মসূচি ঘোষণা দিলে উত্তেজনা দেখা দেয়। তবে পুলিশের কড়া অবস্থানে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়। একইভাবে নেত্রকোনার মোহনগঞ্জে দুই গ্রুপ পৃথকভাবে কর্মসূচি পালন করে। আর চুয়াডাঙ্গা জেলা যুবদল প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করলে পুলিশ বাধা দেয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন জেলার নেতারা।
বরিশাল প্রতিনিধি জানিয়েছেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বরিশাল মহানগর যুবদল সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। এর ৫-১০ গজ দূরে অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে দক্ষিণ জেলা যুবদল সভাপতি পারভেজ আকন বিপ্লবের নেতৃত্বাধীন যুবদলের একাংশ। এছাড়া দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ এইচ এম তসলিম উদ্দিনের নেতৃত্বে নগরীতে পৃথক শোভাযাত্রা ও সমাবেশ হয়। ১০০ গজের মধ্যে তিন গ্রুপের কর্মসূচি ঘিরে সদর রোডে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা একাডেমি চত্বরে যুবদল একাধিক কর্মসূচি পালনের ঘোষণা দেয়। তবে পুলিশের বাধায় অন্য সব কর্মসূচি বাদ রেখে যুবদল একটি শোভাযাত্রা বের করে। এটি শিল্পকলা থেকে সড়কে উঠতেই পুলিশ আটকে দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরে আলোচনা সভায় কেক কাটা হয়। সভায় জেলা বিএনপির সভাপতি শরীফ উর জামান সিজারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা, মজিবুল হক মালিক মজু প্রমুখ।
নেত্রকোনা প্রতিনিধি জানিয়েছেন, জেলা যুবদল শহরের ছোট বাজারের দলীয় কার্যালয়ে আলোচনা সভা করে। এর আগে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের (ভিপি জাহাঙ্গীর) নেতৃত্বে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অপর অংশ পৌরশহরের বিএনপির স্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া করে।
এর বাইরে নীলফামারী, শরীয়তপুর, দিনাজপুরের হাকিমপুর, লক্ষ্মীপুরের রামগঞ্জসহ বিভিন্ন জেলা-উপজেলায় যুবদল শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে।
