রাজধানীর মিরপুরে একটি বিয়ের অনুষ্ঠান থেকে উপহারের টাকা চুরির ঘটনায় মো. খলিল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ। খলিল পটুয়াখালীর কলাপাড়া থানার খেউপাড়া গ্রামের আনছার আলী সরদারের ছেলে।
মিরপুর থানার ওসি মো. মোস্তাজিরুর রহমান জানান, গত ২ অক্টোবর মিরপুর-১ এর সিটিমহল চাইনিজ রেস্টুরেন্টে একটি বিয়ের অনুষ্ঠানে বিনা দাওয়াতে উপস্থিত হয় খলিল। সেখানে সে উপস্থিত অতিথিদের সঙ্গে খাবার খায়। অনুষ্ঠানে আসা আত্মীয়-স্বজনদের দেওয়া উপহার প্রায় ৫ লাখ ৫৯ হাজার টাকা একটি স্কুলব্যাগে রক্ষিত ছিল। টাকার ব্যাগটি ছিল রেস্টুরেন্টের ক্যাশ টেবিলের ওপর। সবাই যখন বিয়ের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, ওই সুযোগে সবার অগোচরে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায় খলিল। এই ঘটনায় মিরপুর থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার। মামলার সিটিসিভি ফুটেজ ও অনুষ্ঠানস্থলের ভিডিওসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণে সোমবার ভোররাতে মিরপুর পানির ট্যাংকি এলাকায় অভিযান চালিয়ে খলিলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চোরাই স্কুলব্যাগসহ নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চুরি করার সময় তার পরনের পাঞ্জাবি ও প্যান্ট উদ্ধার করা হয়।
ওসি মোস্তাজিরুর রহমান আরও জানান, খলিলকে গতকাল মঙ্গলবার আদালতে হাজির করে এক দিনের রিমান্ডে আনা হয়েছে। চুরি করা টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
