শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত আজ

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ০৫:০৮ এএম

করোনা পরিস্থিতিতে গত ১৭ মার্চ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দেশের সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রয়েছে। এ সময়ের মধ্যে কয়েক ধাপে ছুটি বাড়িয়েছে সরকার। আগামীতে ছুটি আরও বাড়ানো হবে কি না, তা নিয়ে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, দেশে এখনো করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। আগামী শীতে এ পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে ছুটি হয়তো বাড়তে পারে। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে সিদ্ধান্তটি শিক্ষামন্ত্রী জানাবেন। তিনি ঘোষণা দেওয়ার আগে কিছু বলা যাচ্ছে না।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে কয়েক ধাপে ছুটি বাড়িয়ে দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষাগুলোও বাতিল করা হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে সরকার নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাপী চলমান মহামারী কভিড-১৯-এর পরিপ্রেক্ষিতে আজ দুপুর ১২টায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিসংক্রান্ত ভার্চুয়াল প্রেস ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত