পেসারের বল ব্যাটসম্যানের ব্যাটে লাগেনি। সরাসরি উইকেটকিপারের গ্লাভসে চলে যায়। কিপার বল নিয়ে স্টাম্পের সামনে রানআউট করবেন বলে তৈরি ছিলেন। তা সত্ত্বেও ব্যাটসম্যান তার নাকের ডগায় ২ রান চুরি করে নেন! শেষমেশ ম্যাচ টাই হয় এমন অদ্ভুত ২ রানের সৌজন্যে।
ক্রিকেটে অবাক ও মজার কত ঘটনাই তো ঘটে। তবে এমন নজির খুব কমই দেখা গেছে আগে।
মজার এই ঘটনা ঘটেছে ইউরোপিয়ান ক্রিকেট সিরিজে। পাকসেলোনা সিসির সঙ্গে টি-১০ ম্যাচ ছিল কাতালুনিয়া টাইগার্সের। ম্যাচের শেষ বলে জয়ের জন্য পাকসোলোনার প্রয়োজন ছিল ৩ রান। স্ট্রাইকে ছিলেন আদালত আলি। যিনি ব্যাট চালিয়েও বলে কানেক্ট করতে ব্যর্থ হন।
তবে বল উইকেটকিপারের গ্লাভসে পৌঁছানোর আগেই নন-স্ট্রাইকার আজীম আজম দৌড়ে স্ট্রাইকার প্রান্তে চলে যান। আদালত তখনো ক্রিজ ছাড়েননি। আজীম ক্রিজে পৌঁছনোর পরে আদালত দৌড়ে নন-স্ট্রাইকার প্রান্তে চলে আসেন। অর্থাৎ, এক রান পূর্ণ হয়ে যায়।
উইকেটকিপার বল নিয়ে স্টাম্পে লাগাবেন বলে প্রস্তুত ছিলেন। ঠিক একই ভাবে তখন নন-স্ট্রাইকার প্রান্ত থেকে আদালত দৌড়ে স্ট্রাইকার প্রান্তে চলে যান। ক্রিজে তখনও আজীম। সুতরাং রান-আউট করতে হলে উইকেটকিপারকে বল লাগাতে হবে নন-স্ট্রাইকার প্রান্তে। তিনি সেই চেষ্টাও করেন। বল ছুঁড়ে দেন বোলারের হাতে।
তবে বোলার ফলো থ্রু’য়ে পিচের ওপর অনেকটা চলে গিয়েছিলেন। তিনি সেখান থেকে বল ছুঁড়ে স্টাম্পে লাগাতে পারেননি। ফলে ২ রান পূর্ণ হয়ে যায় পাকসেলোনার। ম্যাচটাও টাই হয় তাতে।
