করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটের বল গড়াল পাকিস্তানে। অতিথি জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক বাবর আজম।
শুক্রবার দুপুর ১টায় রাওয়ালপিন্ডিতে শুরু হয়েছে ম্যাচটি। একই ভেন্যুতে হবে সিরিজের অপর দুই ম্যাচ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটিও।
এর মধ্যে ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ।
পাকিস্তান দেশের মাটিতে সর্বশেষ ম্যাচ খেলেছিল এ বছরের ৭ ফেব্রুয়ারি। বাংলাদেশের বিপক্ষে সে সময় একটি টেস্ট খেলেছিল তারা। তার আগে টাইগারদের বিপক্ষে জানুয়ারিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান।
বাংলাদেশের বিপক্ষে তিন ধাপের সিরিজের বাকি ১টি করে টেস্ট ও ওয়ানডে এপ্রিলের শুরুতে হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে ম্যাচ দুটি স্থগিত হয়ে যায়।
গত আগস্টে ইংল্যান্ডের মাটিতে তিনটি করে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান। টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হারে পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করে তারা।
আর জিম্বাবুয়ে সবশেষ মাঠে নেমেছিল চলতি বছরের মার্চে। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারে তারা। এরপর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ ড্র করে অতিথি দল।
