সংসদে মিট দ্য প্রেস অনুষ্ঠান

মাদকাসক্তির কারণে ১০ বছরে ২০০ মা-বাবা খুন

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ০৪:০০ এএম

দেশে প্রায় ৭০ থেকে ৭৫ লাখ মাদকাসক্ত রয়েছে। প্রতি বছর মাদকের পেছনে প্রায় ৬০ হাজার কোটি টাকা নষ্ট হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বিগত ১০ বছরে মাদকাসক্তির কারণে ২০০ মা-বাবা খুন হয়েছেন। বর্তমানে শিশু ও নারীদের মধ্যে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে।

মা-বাবা খুন

গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে ‘মাদক নিয়ন্ত্রণে ডোপ টেস্ট- এই মুহূর্তে করণীয়’ শীর্ষক  মিট দ্য প্রেস অনুষ্ঠানে তারা এ তথ্য জানান। শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস এবং সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু। সাংবাদিক নিখিল ভদ্রের সঞ্চালনায় মূল প্রবন্ধ উত্থাপন করেন পার্লামেন্ট নিউজ-এর সম্পাদক সাকিলা পারভীন ও একাত্তর টিভির বার্তা সম্পাদক পলাশ আহসান।

শামসুল হক টুকু বলেন, পুলিশের ডোপ টেস্ট শুরু হয়েছে। গাড়িচালকদের ডোপ টেস্ট শুরুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট শুরুর কার্যক্রম চলছে। এর পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীদের ডোপ টেস্টের আওতায় আনতে হবে। সর্বোপরি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আহসানুল জব্বার বলেন, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা আছে। তারপরও বলব, মাদক নির্মূলে আমরা বসে নেই। আমরা চেষ্টা করছি, কীভাবে মাদকের থাবা থেকে যুব সমাজকে রক্ষা করা যায়। দেশে মাদকের চাহিদা কমলে জোগানও কমে যাবে।

স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমা বলেন, মাদক পাচার, বেচাকেনার ক্ষেত্রে নারীদের ব্যবহার করা হচ্ছে। বাবা-মা খবর রাখছেন না ছেলে-মেয়ে কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, কী করছে? ব্যস্ততার কারণে বাবা-মা ছেলে-মেয়েদের সময় দিচ্ছেন না। এতে করে তারা মাদকাসক্ত হয়ে পড়ছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধে জানানো হয়, মাদকের ভয়াবহতার চিত্রটা বেশ পরিষ্কার। গণমাধ্যমগুলোই বলছে দু’একটি বিশেষ ক্ষেত্র ছাড়া, আজ দেশে যত অপরাধ হচ্ছে প্রতিটির গোড়া মাদকের ঘরে। এই যে গ্যাং নামের অপসংস্কৃতি- এই গ্যাং তৈরির পেছনেও রয়েছে মাদক। মাদকের টাকা জোগাড় করতে মা কিংবা বাবার গলায় ছুরি ধরছে সন্তান। কোনো কোনো ক্ষেত্রে ছুরি বসিয়ে দেওয়ার ঘটনাও উঠে এসেছে গণমাধ্যমগুলোতে। ভয়াবহ সব উদাহরণ প্রকাশ হচ্ছে প্রতিদিনের খবরে। দেশে মাদকাসক্তদের তিনভাগের দুই ভাগই তরুণ বলে জানানো হয় এই প্রবন্ধে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত