মার্কিন অভিনেতা এডি হাসেলকে গুলি করে হত্যা

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১১:৩৯ পিএম

সায়েন্স ফিকশন সিরিজ ‘সারফেস’ খ্যাত অভিনেতা এডি হাসেলকে রবিবার সকালে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৩০ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত ম্যানেজার। হাসেলের ম্যানেজার মার্কিন সংবাদপত্র ডেইলি নিউজকে জানান, টেক্সাসে তাকে গুলি করে হত্যা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাসেলের গাড়ি ছিনতাইয়ের সময় তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

আমেরিকার টেক্সাসে দুষ্কৃতকারীর গুলিতে খুন হন অস্কার মনোনীত ছবি ‘দ্য কিডস আর অল রাইট’ এর এই অভিনেতা। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ি ডাকাতি করতে এসেই এই অভিনেতাকে গুলি করে দুষ্কৃতকারীরা।

সংবাদে বলা হয়, এডি হাসেলের গার্লফ্রেন্ডের অ্যাপার্টমেন্টের বাইরে গুলি করা হয়। গুলি তার পেট বিদ্ধ করে। যদিও গার্লফ্রেন্ড কোনো আততায়ীকে দেখতে পাননি বলেই পুলিশের কাছে দাবি করেছেন। এমন নৃশংস মৃত্যুর খবরে গোটা হলিউড শোকার্ত।

হাসেল ২০০৫ সালে এনবিসিতে প্রচারিত সিরিজ সারফেসে ফিল ন্যান্সের চরিত্রে অভিনয় করেছিলেন। বিজ্ঞান কল্পকাহিনী নির্ভর এই সিরিজে হাসেলের সাথে আরও অভিনয় করেছিলেন লেক বেল এবং লেইটন মেস্টার। টেক্সাসের কর্সিকানায় জন্মগ্রহণকারী হাসেল বিংশ শতাব্দীর শুরুর দিকে বিনোদন জগতে প্রবেশ করেন এবং বছরের পর বছর ধরে টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ করে আসছিলেন। আর এরই ধারাবাহিকতায় ২০১৭ সালে ক্যারিয়ারে স্মরণীয় সাফল্য অর্জন করেছিলেন।

২০১০ সালেও কমেডি-ড্রামা নির্ভর চলচ্চিত্র ‘দ্য কিডস আর অলরাইট’ ছবিতে কাজ করে তিনি প্রশংসিত হয়েছিলেন। ছবিতে শীর্ষ ভূমিকায় কাজ করেছিলেন জুলিয়ান মোর, অ্যানেট বেনিং ও মার্ক রাফালো।

২০১৩ সালে নির্মিত স্টিফ জবসের জীবনীমূলক চলচ্চিত্রে হাসেল আশটন কুচারের সহ শিল্পী হিসেবে কাজ করেছিলেন। ছবিতে তিনি অ্যাপলের প্রথম দিককার কর্মচারী ১৬ বছর বয়সী ক্রিস এসপিনোসার চরিত্রে অভিনয় করেন।

তার অভিনীত ছবিগুলোর মধ্যে বম্ব সিটি, হাউস অফ ডাস্ট, ওয়ারিয়র রোড ও ফ্যামিলি উইকেন্ড উল্লেখযোগ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত