সময়ের আবর্তনে পৃথিবীতে অনেক মহাপুরুষের আবির্ভাব হয়েছে। যারা আপন কর্ম-বৈশিষ্ট্য ও চারিত্রিক-মাধুর্যে ইতিহাসের পাতায় সদা দেদীপ্যমান হয়ে আছেন। সে মহামনীষী ও রথী-মহারথীদের মধ্যে কেবল হজরত মুহাম্মদ (সা.) একমাত্র ব্যক্তিত্ব; যিনি পূর্ণাঙ্গ জীবনাদর্শের স্থপতি ছিলেন। শুধু তাই নয়, তার সে আদর্শ তখনকার ও অনাগত সব মানুষের জন্যে সর্বোত্তম, সর্বোন্নত, সর্বোৎকৃষ্ট। পৃথিবীর উদার চিন্তাশীলমহল বিনা সংকোচে সেটি স্বীকার করে।
মার্কিন লেখক মাইকেল এইচ হার্ট যুক্তিসঙ্গত কারণেই হজরত মুহাম্মদ (সা.)-কে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহামানবের স্থান দিয়েছেন। রাসুল (সা.)-এর দাওয়াত-চিন্তাকর্ম, অবদান ও সাফল্যের বিচারে তিনি তা দিতে বাধ্য হয়েছেন। তার এ স্বীকৃতি দেওয়া বা না দেওয়া অবশ্য মহানবী (সা.)-এর সাফল্যের মানদ- বা মাপকাঠি নয়। কেননা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ (সা.)-এর অভাবনীয় সাফল্য ও গ্রহণযোগ্যতা মহান আল্লাহতায়ালা কর্তৃক পূর্ব থেকেই স্বীকৃত ও প্রশংসিত।
জীবন ও জগতের খুঁটিনাটি থেকে বৃহৎ সব ক্ষেত্রে রাসুল (সা.) ছিলেন সর্বোৎকৃষ্ট আদর্শ। তেমনি একটি ভৌগলিক সীমারেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ‘রাষ্ট্রপ্রধান’ হিসেবেও তিনি মানবেতিহাসের পাতায় আপন মহিমায় চিরভাস্বর। আজকের পৃথিবীর কোথাও সেই রাষ্ট্রপতি মুহাম্মদ (সা.)-এর আদর্শ নেই বলেই বিশ্বে আজ শত অশান্তি ও নানা নৈরাজ্যের শিকার।
হজরত মুহাম্মদ (সা.) মদিনার ইসলামি প্রজাতন্ত্রের সর্বপ্রথম রাষ্ট্রপতি ছিলেন। মদিনাকে তিনি এমন কল্যাণমুখর রাষ্ট্রে পরিণত করে ছিলেন যে, রাষ্ট্রের সর্বোচ্চ আসনে যেমন আসীন ছিলেন তিনি, তেমনি জন সাধারণের হৃদয়ের মণিকোঠায়ও ছিল তার সপ্রতিভ অবস্থান।
মহানবী (সা.)’র ঐতিহাসিক একটি সাফল্য হলো, তিনি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একটি লিখিত শাসনতন্ত্র উপহার দিয়েছিলেন। ‘মদিনা সনদ’ নামে সাত চল্লিশটি ধারা সংবলিত এ ধরনের মানবিক সমঝোতামূলক শাসনতন্ত্র প্রয়োগিকভাবে আর কেউ উপহার দিতে পারেনি। তিনি নীতি ও আদর্শভিত্তিক রাষ্ট্রের গোড়াপত্তন করেন। আল্লাহর কোরআন হলো সে আদর্শের মূল ভিত্তি। সে হিসেবে মানুষ আল্লাহর প্রতিনিধি এটিই তার আদর্শ রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য।
তিনি তার রাষ্ট্রে ছয়টি মূলনীতি নির্ধারণ করেন। সেগুলো হলো
আল্লাহ ও তার রাসুলের আনুগত্য সব আনুগত্যের ঊর্ধ্বে।
সব দায়িত্বপূর্ণ ও প্রশাসনিক পদে মুসলিম নিযুক্ত হওয়া আবশ্যক।
ইসলামি সরকারের আনুগত্য জনগণের অপরিহার্য।
সরকারের সমালোচনার অধিকার জনগণের থাকবে।
রাষ্ট্রের সব আইন ও বিধানের মানদ- হবে ইসলামি শরিয়ত।
বিরোধ-মীমাংসার ক্ষেত্রে আল্লাহ ও তার রাসুলের সিদ্ধান্তই চূড়ান্ত।
এসব মূলনীতির ভিত্তিতে মহানবী (সা.) মদিনার আর্থসামাজিক ও প্রভূত উন্নয়নে এক বৈপ্লবিক জোয়ার সাধিত করেছিলেন। এক আল্লাহর সার্বভৌমত্বের ওপর প্রতিষ্ঠিত রাষ্ট্রে তিনি আদর্শ ও ইনসাফের এক অনন্য ফল্গুধারা বইয়ে দেন। মক্কাবিজয় পরবর্তীসময়ে আরব উপদ্বীপের হাজার হাজার বর্গমাইল এলাকা তার অধীনে চলে আসে।
গোটা ‘জাজিরাতুল আরব’ বা আরব ব-দ্বীপের একচ্ছত্র আধিপতি হিসেবে তিনি মদিনাকে কেন্দ্রীয় রাজধানী করে, সমগ্র শাসনএলাকা দশটি প্রদেশে বিভক্ত করেন। প্রতিটি প্রদেশে গভর্নর নিযুক্ত করে প্রতিটি অঞ্চলে শান্তি-শৃঙ্খলা, ন্যায়বিচার-নিরাপত্তা নিশ্চিত করেন। প্রত্যেক গভর্নরের নিযুক্তি ছিল বিশেষ যোগ্যতা, সৎনিষ্ঠা ও পরহেজগারির ভিত্তিতে। নিযুক্তিকালে শপথ পাঠ করানোসহ গুরুত্বপূর্ণ উপদেশ দেওয়া হতো। হজরত মুয়াজ বিন জাবালকে (রা.) ইয়েমেনে পাঠানোর সময় তিনি যেসব কথা বলেছিলেন তা মুসলিম রাষ্ট্রপ্রধানদের জন্য সবসময় চর্চিত।
মসজিদে নববী ছিল রাসুল (সা.)-এর কেন্দ্রীয় সচিবালয়। রাষ্ট্রীয় সব গুরুত্বপূর্ণ কাজ এখান থেকে সম্পন্ন করা হতো। হজরত আলী (রা.), হজরত উসমান (রা.), হজরত মুয়াবিয়া (রা.) ও হজরত জায়েদ বিন ছাবিত (রা.) ছিলেন তার প্রধান ওহি লেখক। বায়তুল মাল, জাকাত, সদকা ইত্যাদির দায়িত্বে ছিলেন হজরত জুবাইর ইবনুল আওয়াম ও হজরত জুুহাইম (রা.) প্রমুখ সাহাবারা।
মহানবী (সা.)-এর রাষ্ট্র ছিল শুরা বা পরামর্শভিত্তিক রাষ্ট্র। তার রাষ্ট্রে নাগরিক অধিকার বিশেষ করে অমুসলিমদের অধিকার নিশ্চিত ছিল। পররাষ্ট্রনীতি বিষয়ে রাসুল (সা.) সমঝোতা-শৃঙ্খলা, মৈত্রী-উদারতা ও ক্ষমার মূর্তপ্রতীক ছিলেন। মক্কাবিজয়ের দিন তার উদার ক্ষমা ঘোষণা বিশ্বের যেকোনো চিন্তাবিদকে আলোড়িত করে। তিনি মাঠে-ময়দানে ছিলেন একজন তুখোড় সমরবিদ ও মানবেতিহাসের সর্বাপেক্ষা মানবতাবাদী রাষ্ট্রনায়ক। প্রতিহিংসামূলক হত্যা, যুদ্ধে বৃদ্ধ, নারী-পুরুষ ও শিশুহত্যা তিনি নিষিদ্ধ করেছেন। সম্পদ অর্জন ও বহনের ব্যাপারে শরিয়তের নীতিমালা-ই ছিল তার সর্বোত্তম আদর্শ। সর্বোপরি তিনি কোরআনভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রথম পুরুষ।
জগতের অতুলনীয় প্রভাবশালী রাষ্ট্রপ্রধান হয়েও তিনি অনাড়ম্বর জীবনযাপন করতেন। তার চলা-ফেরায় সাধাসিদেভাব সদা স্পষ্ট ছিল। জীবনে তিনি কখনো দুই বেলা পেট পুরে খাননি। শক্ত তোষক ও চাটাইয়ের বালিশ ছিল তার চিরসম্বল। দিনে শাসনকার্য পরিচালনা করতেন আর রাতে প্রভুর দরবারে অশ্রু বিসর্জন দিতেন।
আট লাখ বর্গমাইলের এই মহান রাষ্ট্রপ্রধান মহানবী (সা.) চিরবিদায় কালে রেখে গিয়েছিলেন কিছু গৃহস্থালি ও প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক যুদ্ধাস্ত্র। আর রেখে গিয়েছিলেন একটি পূর্ণাঙ্গ নিখুঁত কালজয়ী ও সর্বোৎকৃষ্ট আদর্শ।