প্রায় ৫ মাস পর খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। আগের সব রেকর্ড ছাড়িয়ে এবার দানবাক্স থেকে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির এবং কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলোর তালা খোলা হয়।
পরে সকাল সাড়ে ৯টায় প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক সোহানা নাসরিন দানবাক্স থেকে ৫১ বস্তা টাকা পাওয়ার তথ্য নিশ্চিত করেন। এসব টাকা গণনার পর মোট দানের পরিমাণ জানা যাবে।
গণনা কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মসজিদ এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে সর্বশেষ গত ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। সেদিন ১৩টি সিন্দুক থেকে ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে দেশি মুদ্রায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া গিয়েছিল।