স্বাস্থ্যকর অফিস স্ন্যাকস

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০১:৪৯ এএম

অফিসে কাজ করার মধ্যে ক্লান্তি চলে আসতে পারে বা ক্ষুধা লাগতে পারে। এ সময় চা-কফির পাশাপাশি কিছু স্ন্যাকস খেলে ক্লান্তিভাব কেটে যায়। তবে অফিসে যেহেতু সারা দিন কর্মব্যস্ততায় থাকতে হয়, সেজন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। স্বাস্থ্যকর অফিস স্ন্যাকস নিয়ে রইল কিছু পরামর্শ

ঘিয়ে ভাজা মাখানা : প্রচুর পরিমাণে প্রোটিন ও স্বাস্থ্যসম্মত কার্বোহাইড্রেট-সম্পন্ন এক ধরনের বাদাম মাখানা। এগুলোতে ক্যালরি কম থাকে এবং এতে অ্যান্টি-এজিং ও অ্যান্টি-ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে। মাখানায় প্রচুর ম্যাগনেশিয়াম থাকলেও এটি মোটেই চটচটে নয়। ঘি দিয়ে ভেজে ছোট বক্সে করে প্রতিদিন অফিসে নিয়ে যেতে পারেন স্বাস্থ্যকর এই খাবারটি।

ছোলা ভাজা : ভাজা কালো ছোলায় চর্বি, আঁশ ও প্রোটিন বেশি থাকে। শরীরে প্রয়োজনীয় উপাদান সরবরাহের পাশাপাশি ক্ষুধা মেটাতেও এর জুড়ি নেই। পরিমাণমতো ছোলা ভেজে নিয়ে এয়ারটাইট কাচের জারে রেখে দিন। অফিসে খেয়ে নিন হুটহাট ক্ষুধা লাগলে।

বাদাম ও বীজ মিশ্রণ : একসঙ্গে বিভিন্ন ধরনের বাদাম ও বীজ দিয়ে বানিয়ে ফেলুন মিশ্রিত বাদাম। কাচের জারে রেখে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন এই খাবারটি। প্রোটিনসমৃদ্ধ বাদাম ও বীজ দীর্ঘ সময়ের জন্য পেট ভর্তি রাখে।

মৌসুমি ফল : কাজের ফাঁকে স্বাস্থ্যকর ও পুষ্টিকর মৌসুমি ফল খেয়ে নিতে পারেন। সুষম ডায়েট বজায় রাখা তো বটেই, ক্ষুধা কমাতেও এগুলো বেশ সহায়তা করবে। সঙ্গে নিয়ন্ত্রণে থাকবে ওজন।

চাল ভাজা : আগুনের মাঝারি আঁচে কিছুক্ষণ চাল ভেজে নিন। কুঁচকে কুড়মুড়ে না হওয়া পর্যন্ত ভাজুন। কাচের জারে ভাজা চাল সংরক্ষণ করে প্রয়োজনমতো অফিসে টিফিন হিসেবে নিয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত