উত্তরাধিকারসূত্রে অনেক জঞ্জাল পেয়েছি: মেয়র তাপস

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০৯:৫৫ পিএম

উত্তরাধিকারসূত্রে অনেক জঞ্জাল পেয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার দুপুরে রাজধানীর কাপ্তান বাজারের আধুনিক জবাইখানার চলমান কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডিএসসিসির মার্কেটগুলোতে বেসমেন্ট গাড়ি পার্কিংয়ের জায়গা থাকার কথা থাকলেও অনেক মার্কেটে তা ভেঙে দোকান করা হয়েছে। এ প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে তাপস বলেন, উত্তরাধিকারসূত্রে অনেক জঞ্জাল আমরা পেয়েছি, অনেক সমস্যা জর্জরিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা। পর্যায়ক্রমে সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, কোনোটাই আমরা ছাড় দিচ্ছি না।

তিনি বলেন, আপনারা কিছুদিন পরে জানতে পারবেন, এরই মাঝে আমরা একটি মার্কেটে যে অবৈধ দোকানগুলো করা হয়েছে, সেগুলো উচ্ছেদের কার্যক্রম হাতে নিয়েছি, উচ্ছেদ আরম্ভ হবে। আমাদের যতগুলো নিজস্ব মার্কেটে আছে এবং সে মার্কেটগুলোতে যত অবৈধ দোকান আছে, আমরা পর্যায়ক্রমে সবগুলো উচ্ছেদ করব।

এ সময় অন্যান্যের মধ্যে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকসহ স্থানীয় কাউন্সিলর উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত