সাকিবসহ ১১৩ ক্রিকেটারের ফিটনেস টেস্ট, নেই মাশরাফী

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ১১:০৬ পিএম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ড্রাফটের আগে ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে ক্রিকেটারদের। ৯ ও ১০ নভেম্বর বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে পরীক্ষায় অংশ নেবেন ক্রিকেটাররা। এ জন্য ১১৩ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত মাসেই এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া সাকিব আল হাসান রয়েছেন এই তালিকায়। সোমবার প্রথম দিন প্রথম গ্রুপেই হবে সাকিবের পরীক্ষা। তবে মাশরাফী বিন মোর্ত্তজা নেই এই তালিকায়।

কিছুদিন আগে ফিটনেস ট্রেনিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান মাশরাফী। চোটের অবস্থা বুঝে পরবর্তীতে তাকে নিয়ে সিদ্ধান্ত হবে।

সাকিব ছাড়াও বিভিন্ন সময়ে জাতীয় দলে খেলেছেন এমন ৩১ ক্রিকেটারকে ডাকা হয়েছে ফিটনেস পরীক্ষার জন্য। যেখানে রয়েছেন নাসির হোসেন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফীস, অলক কাপালী, মোহাম্মদ আশরাফুলের মতো তারকা।

জাতীয় দলের স্কিল ক্যাম্প, হাই পারফরম্যান্স (এইচপি) ও অনূর্ধ্ব-১৯ স্কোয়াডের ক্রিকেটাররা ফিটনেসের প্রক্রিয়াতেই আছেন বলে তাদের কাউকে ডাকা হয়নি।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ইনডোরে প্রথম দিন সাকিবসহ মোট ৮০ ক্রিকেটারের ফিটনেস টেস্ট হবে। বাকিদের হবে পরদিন। বিসিবির স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচরা থাকবেন দায়িত্বে।

কোনো ক্রিকেটারের করোনা পরীক্ষার কথা বলা হয়নি। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যাওয়ায় অক্টোবরে তিন দলের একটি ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করে বিসিবি। বিসিবি প্রেসিডেন্টস কাপ নামের আসরে অংশ নেন ৪৬ ক্রিকেটার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলবেন আরো বেশি ক্রিকেটার। ৫টি দল নিয়ে হবে এই করপোরেট আসর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত